দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, মহাবিপদ সংকেত নেমে ৩
https://parstoday.ir/bn/news/bangladesh-i75138-দুর্বল_হয়ে_পড়েছে_ঘূর্ণিঝড়_বুলবুল’_মহাবিপদ_সংকেত_নেমে_৩
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ অগ্রসর হয়ে ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এতে করে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে জারি করা ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ (রোববার) আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১০, ২০১৯ ০৭:২৮ Asia/Dhaka
  • দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, মহাবিপদ সংকেত নেমে ৩

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ অগ্রসর হয়ে ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এতে করে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে জারি করা ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ (রোববার) আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও সামান্য উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ সকাল ৬ টায় বাগেরহাট, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশঃ দুর্বল হতে পারে এবং গভীর নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বায়ুচপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ জেলা সমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ সন্ধ্যা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সাতক্ষীরা সদরে বুলবুলের আঘাত

সাতক্ষীরায় বুলবুলের আঘাত

গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে প্রবল শক্তি নিয়ে সাতক্ষীরায় শ্যামনগর উপজেলার সুন্দরবন অঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। 

আজ সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের দাপটে গাবুরা ইউনিয়নের ৮০ শতাংশ কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দুর্গাবাটি, দাতিনাখালি ও চৌদ্দরশিসহ আরো কিছু বাঁধ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।’

ঝড়ের তাণ্ডবে সাতক্ষীরা থেকে শ্যামনগরমুখী রাস্তায় প্রচুর গাছপালা বিধ্বস্ত হয়েছে। এর ফলে সেখানে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে জানান ইউএনও কামরুজ্জামান। 

খুলনায় এক নারীর মৃত্যু

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে খুলনায় ঘর এবং গাছচাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াদুদ জানান, রাতে প্রমীলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ছিলেন। সকাল ৯টা-সাড়ে ৯টার দিকে নিজের বাড়িতে যান তিনি। সেসময় একটি গাছ তার ওপরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পটুয়াখালীতে গাছচাপায় নিহত ১

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পটুয়াখালীতে দমকা হওয়ায় গাছ উপড়ে বসত ঘরের ওপর পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার রাত রাত সাড়ে ৩টার দিকে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন জানান। নিহত হামেদ ফকিরের বয়স ৬৫ বছর। পেশায় তিনি ছিলেন একজন মৎস্যজীবী।

স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রাতে দমকা হাওয়ার শুরু হলে একটি রেইন্ট্রি ও একটি চাম্বল গাছ উপড়ে ঘরের ওপর পড়লে চাপা পড়েন ওই বৃদ্ধ। তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপ উপকূলে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। প্রায় তিন ঘণ্টায় পুরোপুরি স্থলভাগে উঠে আসার পর সুন্দরবনের ভারতীয় অংশের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে এ ঝড়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।