এনআরসি সমগ্র উপমহাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবে: মির্জা ফখরুল
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন, ‘এনআরসি যে বিষয়টা আমরা প্রথম থেকেই বলছি, আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং এনআরসি আমাদের (বাংলাদেশের) স্বার্বভৌমত্বের ওপর হুমকি বলে মনে করছি, অতীতেও আমরা উল্লেখ করেছি। আজকে যে অবস্থা তৈরি হয়েছে, এটা শুধু বাংলাদেশে নয়, সমগ্র উপমহাদেশের এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে, সংঘাত সৃষ্টি করবে। রাজনীতির যে মূল বিষয়গুলো ছিল উদারপন্থী গণতান্ত্রিক রাজনীতি, অসাম্প্রদায়িক রাজনীতি সেই বিষয়গুলো ধ্বংস করে দিয়ে একটা সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের প্রয়াস চালানো হচ্ছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিয়েছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যেসবক বুদ্ধিজীবী যারা স্বাধীনতার জন্য জীবন উৎস্বর্গ করছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। কিন্তু অত্যন্ত দুঃখের কথা, স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিয়েছেন তার সহধর্মিনী (খালেদা জিয়া) তিনি স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, বন্দী হয়েছেন, তাকে আজকে কারাগারে থাকতে হচ্ছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আমাদের এই দিনে শহীদ বুদ্ধিজীবীদের পথ অনুসরণ করে দেশের স্বাধীনতাকে স্বার্বভৌমত্ব রক্ষা করবার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, আমাদের সংগ্রামের আরও গতি বাড়াব, সংগ্রামকে আরও বেগবান করব। ইনশাআল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করব। ’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কাদির ভূঁইয়া জুয়েলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।#
পার্সটুডে/বাবুল আখতার/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।