আগামী ২ বছর মাসে ১ লাখ করে টাকা পাবেন বিশ্বজয়ী যুবারা: বিসিবি
https://parstoday.ir/bn/news/bangladesh-i77422-আগামী_২_বছর_মাসে_১_লাখ_করে_টাকা_পাবেন_বিশ্বজয়ী_যুবারা_বিসিবি
ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপী জয়ী বাংলাদেশ যুব দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য দুই বছরের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই বছর প্রতি মাসে এক লাখ করে টাকা পাবেন ক্রিকেটাররা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২০ ২১:১৭ Asia/Dhaka
  • বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের সংবর্ধনা
    বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের সংবর্ধনা

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপী জয়ী বাংলাদেশ যুব দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য দুই বছরের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই বছর প্রতি মাসে এক লাখ করে টাকা পাবেন ক্রিকেটাররা।

আজ (বুধবার) সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিশ্বজয়ী যুবাদের সংবর্ধনা দেয়ার পর সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আমরা ঠিক করেছি, অনূর্ধ্ব-২১ একটি ইউনিট আমরা গঠন করব। এই অনূর্ধ্ব-১৯ দলটার জন্য আগামী দুই বছর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করব। স্পেশালাইজড ট্রেনিং, তাদের স্কিল বাড়ানোর জন্য। তাদের আলাদা কোচিং স্টাফ ও সর্বোচ্চ সুবিধা দেয়া হবে।  এই পরবর্তী দুই বছর প্রতিটি ক্রিকেটারকে মাসে এক লাখ টাকা করে পারিশ্রমিক দেয়া হবে।’

ট্রফি হাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও যুব দলের অধিনায়ক আকবর আলী

দেশের জন্য গৌরবের উপলক্ষ নিয়ে আসা ক্রিকেটারদের জন্য বোর্ড নিজেদের সর্বোচ্চটাই করবে বলে জানান তিনি, দুই বছর পর যদি আমরা দেখি যে তাদের উন্নতি হয়েছে, তারা ভালো খেলছে, তাহলে অবশ্যই চুক্তি নবায়ন করা হবে। আর যদি দেখি কারো বিচ্যুতি ঘটেছে পারফরম্যান্সের, সেভাবে উন্নতি হচ্ছে না, তাহলে সে চুক্তি থেকে বাদ পড়বে। বোর্ড থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তাদের জন্য যত রকমের সুযোগ-সুবিধা দরকার, আমরা সব ব্যবস্থা করব।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী বলেন, 'ম্যানেজমেন্ট থেকে আমাদের কাছে তারা মেসেজ দিয়েছে, দেখ তোমরা পেশাদার ক্রিকেটের মাত্র শুরু তোমরা ভেলায় গা ভাসিয়ে দিও না। সবাই বলেছে, দেখ কীভাবে পরবর্তী লেভেলের জন্য প্রস্তুত হতে পার। কীভাবে আরও ভালো হতে পারো। এমন না যে যেটা আমরা পেয়েছি তাতেই আত্মতুষ্টিতে ভুগব। আমার মনে হয়, সবাই এটাকেই অনুপ্রেরণা হিসেবে নিয়েছে।'

সংবাদ সম্মেলনে আকবর আলী (ডানে)

তিনি বলেন, 'অনূর্ধ্ব-১৯ দল বা বয়সভিত্তিক দলের সঙ্গে সিনিয়র দলের আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে একটা পার্থক্য রয়েছে। বোর্ড আমাদের যে সহযোগিতা করবে তার সাহায্যে আমরা নিজেরা চেষ্টা করব সে ঘাটতিটা যতো দ্রুত সম্ভব পূরণ করতে। আন্তর্জাতিক ক্রিকেট সহজ না। অবশ্যই আমাদের মানসিক ও শারীরিকভাবে যতটা সম্ভব নিজেদের প্রস্তুত করার চেষ্টা করতে হবে।'

এর আগে বিশ্বকাপ জয় করে বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশে ফেরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি বিশ্বজয়ীরা মিরপুর শেরে বাংলা হোম অব ক্রিকেটে চলে যান। আর সেখানে আকবরবাহিনীরা লাল গালিচায় মাঠে প্রবেশ করেন। পরে জুনিয়র ক্রিকেটারদের কেক খাইয়ে সংবর্ধনা দেন বিসিবি সভাপতি পাপন।

এসময় পুরো স্টেডিয়াম চত্বরে ভক্ত-সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। কেক কাটা পর্বের আগেই বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেন পাপন ও যুবা অধিনায়ক আকবর আলী।

এর আগে, বুধবার বিকেল ৪টা ৫৫টা মিনিটে যুবাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জানা যায়, অতরণের সময় বিমানটিকে ওয়াটার স্যালুট দেয়া হয়।

বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সহ বিসিবির উর্ধ্বতন কমকর্তাবৃন্দ।

দক্ষিণ আফ্রিকায় গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর থেকে জয়ের উল্লাসে ভাসছে পুরো দেশ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।