খালেদা জিয়ার জামিন আবেদন কাল; চিকিৎসার জন্য যেতে চান লন্ডনে
https://parstoday.ir/bn/news/bangladesh-i77512-খালেদা_জিয়ার_জামিন_আবেদন_কাল_চিকিৎসার_জন্য_যেতে_চান_লন্ডনে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে আগামীকাল (সোমবার) আবারও আবেদন করবেন তার আইনজীবীরা। জামিন পেলে বেগম জিয়া লন্ডনে গিয়ে চিকিৎসা করবেন বলে আবেদন উল্লেখ করার কথা জানান তারা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১৩:১৬ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে আগামীকাল (সোমবার) আবারও আবেদন করবেন তার আইনজীবীরা। জামিন পেলে বেগম জিয়া লন্ডনে গিয়ে চিকিৎসা করবেন বলে আবেদন উল্লেখ করার কথা জানান তারা।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সোমবার হাইকোর্টে এই জামিন আবেদন দাখিল করা হবে। শুক্রবার গুলশান কার্যালয়ে সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে বেগম জিয়ার মু্ক্তির জন্য জামিন আবেদন করার সিদ্ধান্ত হয়।

এদিকে, সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজ সরকার দেশের জনগণকে ভয় পায়। শুধু তাই নয়, গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়াকেও ভয় পায়।

ড. আব্দুল মঈন খান

আজ (রোববার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, আজ বাংলাদেশের বাস্তবতাকে অস্বীকার করে আমার বিশ্বাস হয় না খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো। এটাই বাস্তবতা। দেশের মানবাধিকার পরিস্থিতি কী, তা পর্যালোচনা করেই আমাদের করণীয় ঠিক করতে হবে। আমরা কীভাবে খালেদা জিয়াকে মুক্ত করব।

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা কোনো অগণতান্ত্রিক পরিবর্তন চাই না। শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করতে চাই। আজকে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণতান্ত্রিকভাবেই এগুতে হবে। তবে দেয়ালে পিঠ ঠেকে গেলেই মানুষ অস্বাভাবিক আচরণ করে।

সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, খালেদা জিয়া দেশের নেত্রী, মানুষের নেত্রী। তাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। আমি বিএনপির সঙ্গে আছি। শুধু দেখতে চাই, খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি কী কর্মসূচি দিতে পারে। তারা যদি নেতৃত্ব দিতে পারে, তাহলেই মুক্তি সম্ভব।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।