বাংলাদেশে আরও ৩ করোনা রোগী শনাক্ত: আইসোলেশনে ১০, কোয়ারেন্টাইনে ৪
https://parstoday.ir/bn/news/bangladesh-i78322-বাংলাদেশে_আরও_৩_করোনা_রোগী_শনাক্ত_আইসোলেশনে_১০_কোয়ারেন্টাইনে_৪
বাংলাদেশে নতুন করে আরো তিন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুটি শিশু। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো আটজনে। তবে ইতোমধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১৬, ২০২০ ০৯:৪৬ Asia/Dhaka
  • অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা
    অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা

বাংলাদেশে নতুন করে আরো তিন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুটি শিশু। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো আটজনে। তবে ইতোমধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

আজ (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গতকাল নমুনা পরীক্ষার পর আরও তিন জনের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া গেছে। সর্বমোট আট জনের ভেতরে এখন করোনার উপস্থিতি রয়েছে। আগে করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হয়েছিলেন এমন একজনের পরিবারের সদস্য হলেন আক্রান্ত নতুন তিনজন। তারা হাসপাতালে আইসোলেশনে আছেন। এদের মধ্যে একজন নারী ও দুটি শিশু রয়েছে।’

ডা. ফ্লোরা আরও বলেন, এ পর্যন্ত সর্বমোট ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১০ জন হসপিটালের আইসোলেশন আছে। এছাড়া ৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।

তিনি বলেন, ‘আমরা আবারও অনুরোধ করছি, যারা বাইরে থেকে আসছি, তারা যাতে পরিবারের কাছ থেকেও দূরত্ব বজায় রাখি। আমরা হোম কোয়ারেন্টিন করাটা নিশ্চিত করতে পারবো। কিন্তু, পরিবারের ক্ষেত্রে পরিবারেরও ভূমিকা নিতে হবে। যদি সেক্ষেত্রে পালন করা সম্ভব না হয়, তাহলে আমাদের প্রাতষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে।’# 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।