করোনার কারণে অতিরিক্ত পণ্য কিনে অস্থিরতা তৈরি করবেন না: টিপু মুনশি
-
টিপু মুনশি
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আশ্বস্ত করে বলেছেন, দেশে পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে। তাই এ সময় করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা না করার জন্য জনগণকে আহ্বান জানান তিনি।
আজ (বুধবার) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সকলপ্রকার পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে কোনো ধরনের প্রভাব পড়েনি। প্রত্যেকটি পণ্যের যথেষ্ট মজুদ আছে দাবি করে তিনি বলেন, ‘কোনো পণ্য মজুদ বা সরবারাহ কম নেই। সুতরাং অতিরিক্ত পণ্য কিনে অহেতুক বাজারে অস্থিরতা তৈরি করবেন না।’
মন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ায় জনগণ আতঙ্কিত হয়ে গেছেন। তারা হঠাৎ করে প্রয়োজনের তুলনায় বেশি পণ্য ক্রয় করছেন। তাই গত দুদিনে খুচরা বাজারে দামে কিছুটা প্রভাব পড়েছে। তবে পাইকারি বাজারে দাম বাড়েনি।’
টিপু মুনশি বলেন, মুজিববর্ষকে সামনে রেখে ইতোমধ্যে সরকারি বিপণন সংস্থা টিসিবি চিনি, ডাল, ভোজ্যতেল ও পেঁয়াজ কম দামে বিক্রি শরু করেছে। আসন্ন রমজানেও অন্যন্য বছরের তুলনায় ৭ থেকে ১০ গুণ পণ্য নিয়ে মাঠে থাকবে টিসিবি।
অতিরিক্ত মজুদ করলে আইনগত ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
এদিকে, করোনা ভাইরাসের কারণে চাল ও গম নিয়ে আতঙ্ক সৃষ্টি কিংবা অতিরিক্ত মজুদ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রাণালয়ে বিফ্রিংয়ে খাদ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় মানুষ আসা বন্ধ হলেও পণ্য আমদানি বন্ধ হয়নি। এরইমধ্যে নতুন চাল বাজারে আসার সময় চলে এসেছে। ক্রেতাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
তিনি বলেন, দেশে চাল ও গম পর্যাপ্ত রয়েছে। বর্তমানে সরকারি গুদামে ১৭ লাখ ৩৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে ৩ লাখ ১৯ হাজার মেট্রিক টন গম মজুত আছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি।
তবে সরকারের পক্ষ থেকে এসব আশ্বাস সত্ত্বে করোনা আতঙ্কের মাঝে নিত্যপণ্যের বিক্রি বেড়েছে। এ সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন, অধিক মুনাফার লোভে পণ্য মজুদ করছেন।
এ অবস্থায় নিত্যপণ্যের কৃত্রিম সঙ্কটকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের সাতটি টিম রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, হাতিরপুল, উত্তরা, পুরান ঢাকা, মালিবাগ, রামপুরাসহ বিভিন্ন বাজারে আজ দিনব্যাপী অভিযান পরিচালনা করছে।
এ সময় পণ্য মজুতকারীদের সতর্ক করার পাশাপাশি দোকানে পণ্যের মূল্যতালিকা না টাঙানো ও দাম বেশি নেয়ার অপরাধে বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬