বাংলাদেশে করোনায় মৃত্যু ১, ৩০ বিচারক ও ৪ চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে
https://parstoday.ir/bn/news/bangladesh-i78389-বাংলাদেশে_করোনায়_মৃত্যু_১_৩০_বিচারক_ও_৪_চিকিৎসক_হোম_কোয়ারেন্টাইনে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার। আজ (বুধবার) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, ৭০ উর্ধ্ব বয়সের এ ব্যক্তি কিডনিসহ শারীরিক নানা জটিলতায় আক্রান্ত ছিলেন। তিনি বিদেশফেরত আত্মীয়ের মাধ্যমে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১৮, ২০২০ ১৬:১৪ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় মৃত্যু ১, ৩০ বিচারক ও ৪ চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার। আজ (বুধবার) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, ৭০ উর্ধ্ব বয়সের এ ব্যক্তি কিডনিসহ শারীরিক নানা জটিলতায় আক্রান্ত ছিলেন। তিনি বিদেশফেরত আত্মীয়ের মাধ্যমে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আইইডিসিআর পরিচালক জানান, একদিনের ব্যবধানে দেশে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।

তিনি আরও জানিয়েছেন, বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪২ জন এবং ১৬ জন রয়েছেন আইসোলেশনে।

সরকার করোনা বিষয়ে প্রকৃত তথ্য গোপন করছে: বিএনপি

এদিকে, বিএনপি’র পক্ষ থেকে আজকেও অভিযোগ করা হয়েছে যে, সরকার করোনা বিষয়ে প্রকৃত তথ্য গোপন করছে এবং যথাযথ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ফলে ঘনবসতিপূর্ণ এ দেশে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

প্রয়োজন হলে শাটডাউন: কাদের

তবে, সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজন হলে অন্য দেশের মতো যেখানে শাটডাউন প্রয়োজন সেখানে তা করা হবে। আজ সচিবালয়ে সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন ওবায়দুল কাদের।

আসাদুজ্জামান খান কামাল

'হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা'

এদিকে, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনা সতর্কতার অংশ হিসেবে বিদেশ ফেরতদের কেউ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ রাজধানীর মতিঝিলে এনআরবিসি ব্যাংকে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'ইতালি ও স্পেন করোনাভাইরাসকে সঠিক সময়ে আমলে না নিয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে। বাংলাদেশ এমন ভুল করতে চায় না।'

করোনা ভাইরাসের সংক্রমণের ব্যাপারে সতর্কতা অবলম্বন এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু না করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।

নৌপথে চলাচল সীমিত করার অনুরোধ নৌমন্ত্রীর

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষায় নৌপথে মানুষের চলাচল সীমিত করার অনুরোধ জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সদরঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে ‘ট্রিটমেন্ট প্ল্যান্ট’ স্থাপন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনের সময় এ অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

৩০ বিচারক হোম কোয়ারেন্টাইনে

এদিকে, প্রশিক্ষণ শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসা নিম্ন আদালতের ৩০ বিচারককে হোম কোয়ারেন্টা্ রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় জানিয়েছে গত ১৫ মার্চ তার দেশে ফিরেছেন। 

চার চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে

এছাড়া, করোনাভাইরাস সতর্কতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আজ (বুধবার) ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওদিকে, টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ সাজা দেয়।

করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে চট্টগ্রামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি আজ জানিয়েছেন, ওমরাহ পালন করে সৌদি আরব থেকে চট্টগ্রামে ফেরা ৬০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, চট্টগ্রামে এ পর্যন্ত ৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

এ ছাড়া, ফরিদপুরে করোনাভাইরাস প্রতিরোধে ৩ হাজার ৮৩৫ জন বিদেশ ফেরত যাত্রীর তালিকা নিয়ে মাঠে নেমেছে স্বাস্থ্য বিভাগ। যাদের স্ব-উদ্যোগে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তারা সে নির্দেশ মানছেন না। বরং করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কা নিয়েই তারা ঘুরে বেড়াচ্ছেন।

ফরিদপুরের ডেপুটি কমিশনার অতুল সরকার জানান, ইমিগ্রেশন পুলিশের তরফ থেকে ফরিদপুরের স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এ তালিকা সরবরাহ করা হয়েছে। এদের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা রয়েছে।

ফরিদপুরের ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত এরা বিদেশ থেকে এসেছেন। এদের বেশিরভাগই ভারত থেকে দেশে ফিরেছেন এবং ইমিগ্রেশনের নজর এড়িয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।