চীন থেকে আসছে ১০ হাজার কিট
বাংলাদেশে করোনায় দ্বিতীয় মৃত্যু: আক্রান্ত ২৪, কোয়ারেন্টাইনে ৫০
-
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। মৃত ব্যক্তি ৭৩ বছর বয়স্ক একজন পুরুষ। এ নিয়ে দেশে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশের বাইরে তিন বাংলাদেশি মারা গেলেন।
আজ (শনিবার) দুপুর সোয়া ২টার দিকে স্বাস্থ্য অধিদফতরে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন চার জন। এতে করে দেশে এখন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৪ জন।
ব্রিফিংয়ে মন্ত্রী আরও জানান, দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৫০, হোম কোয়ারেন্টাইন ১৪ হাজার আছেন। মার্চের শুরু থেকে যারা বিদেশ থেকে এসেছেন, আত্মগোপনে থাকলেও তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও তিনি জানিয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং ১০০ নতুন আইসিইউ স্থাপন করা হবে শিগগিরই। পর্যায়ক্রমে আরো ৪০০ আইসিইউ স্থাপন করা হবে। প্রশিক্ষণের জন্য চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নার্সদের দেশে আনা হবে।
ইতালিতে বাংলাদেশির মৃত্যু
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গোলাম মওলা (৫০) এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ইতালির মিলান শহরে সপরিবারে বসবাস করেছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে। কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশিসহ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন গোলাম মওলা। মেডিকেল টেস্টে তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হওয়ার পর তাকে স্থানীয় নিগোয়ারদো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমেরিকায় দুই বাংলাদেশির মৃত্যু
আমেরিকার নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা দুজনই কুইন্সের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, এস্টোরিয়া এলাকার ৬০ বছর বয়সী এক বাসিন্দা করোনায় আক্রান্ত হন। পরে তাকে কুইন্সের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অন্যজন কুইন্সের উডসাইডের বাসিন্দা ছিলেন। পেশায় গ্রিন ক্যাবের চালক ছিলেন। তার বয়স ৫০ বছর। এনওয়াইপিডি কর্মকর্তা খান শওকত তার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
চীন থেকে আসছে ১০ হাজার কিট
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবিলায় ১০ হাজার কিট যেকোনো সময় চীন থেকে চলে আসবে। চাটার্ড প্লেনে করে কিটগুলো নিয়ে আসা হচ্ছে। যেকোনো সময় কিটগুলো দেশে পৌঁছাবে।
প্রবাসীদের প্রতি বাংলাদেশ সফর এড়িয়ে চলার আহ্বান জানিয়ে আবদুল মোমেন বলেন, প্রবাসীরা যারা এখনো দেশের বাইরে আছেন, তারা ওখানেই থাকুন। যারা যে দেশে আছেন, সে দেশেই থাকুন। সে দেশের আইন-কানুন মানুন। কোনো কিছুর দরকার হলে দূতাবাসে যোগাযোগ করুন।
তিনি আরও বলেন, যারা দেশে ফিরেছেন, তারা অপেক্ষা করুন। যিনিই বিদেশ থেকে আসবেন, অবশ্যই ১৪ দিন কোয়ারেনটাইনে থাকতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুরো দেশকে লকডাউন করা সম্ভব নয়। সেজন্য চারটি রুট খোলা রাখা হয়েছে। বিদেশ ফেরতদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে, তাই ১০টি দেশের ফ্লাইট আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। চারটি রুট চালু থাকবে- ব্রিটেন, থাইল্যান্ড, হংকং ও চীন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২১