করোনা ইস্যুতে রাজনীতি করার সময় এখন নয়: তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i78473-করোনা_ইস্যুতে_রাজনীতি_করার_সময়_এখন_নয়_তথ্যমন্ত্রী
বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, করোনা ভাইরাস ইস্যুতে রাজনীতি করার সময় এখন নয়। সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সব ধরণের ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২২, ২০২০ ১১:০২ Asia/Dhaka
  • হাছান মাহমুদ
    হাছান মাহমুদ

বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, করোনা ভাইরাস ইস্যুতে রাজনীতি করার সময় এখন নয়। সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সব ধরণের ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

আজ (রোববার) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময়, বিশ্বস্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে আংশিক বা পুরোপুরি লকডাউনের পরামর্শ দিয়েছে, মেয়র সাঈদ খোকনকে উদ্বৃতি দিয়ে গণমাধ্যমের এমন সংবাদ নাকচ করে দেন তিনি।

হাছান মাহমুদ বলেন, গতকাল (শনিবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে এ ধরনের যে নিউজ প্রকাশ হয়েছে, এটা ঠিক নয়। এখনই লকডাউন করতে হবে, এ ধরনের পরামর্শ তারা দেয়নি। করোনা নিয়ে গুজব প্রতিরোধ ও সচেতনতার বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি সেল করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

সাঈদ খোকন

এপ্রিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে: সাঈদ খোকন

এদিকে, এপ্রিলের শুরু থেকে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিদায়ী মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, বিশ্বের বিশিষ্টজনদের সঙ্গে, সমালোচকদের সঙ্গে কথা বলে, আলোচনা করে পরিস্থিতি বিশ্লেষণের পর যেটা বোঝা গেছে, আগামী এপ্রিলের শুরু থেকে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে। একইসঙ্গে ব্যাপকভাবে ঘটতে পারে প্রাণহানির ঘটনাও।

আজ (রোববার) দুপুরে রাজধানীর দক্ষিণ নগর ভবনে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় ডিএসসিসির জন্য গঠিত কমিটির জরুরি সভা শেষে এসব কথা বলেন সাঈদ খোকন।

বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মেয়র বলেন, আমাদের হাতে সময় খুব কম। তবে কম সময়ের মধ্যেই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত আছি।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।