বাংলাদেশে করোনা-আক্রান্ত প্রথম চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত ৫৪ জন
https://parstoday.ir/bn/news/bangladesh-i79091-বাংলাদেশে_করোনা_আক্রান্ত_প্রথম_চিকিৎসকের_মৃত্যু_আক্রান্ত_৫৪_জন
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন মৃত্যুবরণ করেছেন। আজ (বুধবার) সকাল পৌনে ৭টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এই প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু হল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১৫, ২০২০ ০৭:৪০ Asia/Dhaka
  • ডা. মঈন উদ্দিন
    ডা. মঈন উদ্দিন

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন মৃত্যুবরণ করেছেন। আজ (বুধবার) সকাল পৌনে ৭টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এই প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু হল।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল এবিএম বেলায়েত হোসেন জানিয়েছেন, “কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ডা. মঈন উদ্দিন আমাদের এখানে এসেছিলেন। গত তিন দিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। রেসপিরেটরি ফেইলিওরের কারণে আজ তার মৃত্যু হয়।”

৫ এপ্রিল ডা. মঈন উদ্দিনের করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়। এরপর থেকে তিনি সিলেট শহরে নিজ বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। কোয়ারেন্টাইনের আওতায় নিয়ে আসা হয় তার পরিবারের বাকি সদস্যদেরও। এছাড়া তার বাড়ির এলাকা লকডাউন করে দেয়া হয়। পরে, শারীরিক অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল তিনি নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় ৮ এপ্রিল সেখান থেকে চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা আনিসুর রহমান  জানান, ডা. মঈন উদ্দিন আগে থেকেই ভেন্টিলেশনে ছিলেন। সংক্রমণ তার হার্টে ছড়িয়ে পড়েছিল। মঙ্গলবার রাত থেকে তার শরীর বেশি খারাপ করে। আজ সকাল পৌনে সাতটায় তাঁর মৃত্যু হয়।

ডা. মঈন উদ্দিন সিলেটে শনাক্ত হওয়া প্রথম কোভিড-১৯ রোগী। কীভাবে তিনি সংক্রমিত হলেন, সে বিষয়ে কোনো তথ্য স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশ করেনি।

পরিবারের সাথে ডা. মঈন উদ্দিন

এদিকে, করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৫৪ জন চিকিৎসক আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে দেশের চিকিৎসকদের একটি সংগঠন। সেই সঙ্গে চিকিৎসা সেবার সঙ্গে জড়িত প্রায় একশ মানুষ কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন।

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) এর চিফ এডমিনিস্ট্রেটর নিরুপম দাস গতকাল এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য থেকে আক্রান্ত চিকিৎসাকর্মীদের এই সংখ্যাটি তারা পেয়েছেন।

একদিনে আক্রান্ত ৮ চিকিৎসক

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আট চিকিৎসক। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের চিকিৎসকরা। নতুন যে আট চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে চারজন নারায়ণগঞ্জের, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দু'জন, ঢাকা শহরের আরেকজন ও মানিকগঞ্জের একজন। আক্রান্তের পাশাপাশি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শ আসায় কোয়ারেন্টিন আছে প্রায় ৩০০ স্বাস্থ্যকর্মী।

সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে ১০ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন, বাংলাদেশ নার্সসেস অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমত আরা পারভীন।

এদিকে রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ১৩ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হবার পরিপ্রেক্ষিতে গতকাল হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জে হাসপাতাল সুপারসহ ১৩ জন শনাক্ত

সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সুপারসহ আরও ১৩ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তারা বর্তমানে আইসোলেশনে আছেন। এ পর্যন্ত হাসপাতালটিতে ৩ জন চিকিৎসকসহ আক্রান্তের সংখ্যা ১৬ জন।

গোপালগঞ্জে ৩ পুলিশসহ আক্রান্ত ৯

ওদিকে প্রধানমন্ত্রীর নিজ জেলা গোপালগঞ্জে তিন পুলিশ সদস্যসহ মোট নয়জন ভারোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার রাত ১০টা থেকে গোপালগঞ্জ জেলা অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

বরিশালে চিকিৎসক আক্রান্ত

ঢাকার বাইরে, বরিশাল জেলায় গতকাল একজন চিকিৎসক একজন নার্স ও একজন সেবাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।  বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানিয়েছেন,  আক্রান্তদের মধ্যে রয়েছেন আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিযুক্ত একজন মেডিক্যাল অফিসার এবং বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন নার্স ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। #

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।