জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিএনপির
প্রধানমন্ত্রী ঘোষিত অর্থনৈতিক প্যাকেজটি মূলত 'শুভঙ্করের ফাঁকি': মির্জা ফখরুল
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
করোনাজনিত প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণাকে ‘শুভঙ্করের ফাঁকি’ ও ‘নিতান্তই অপ্রতুল’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রধানমন্ত্রী ঘোষিত ৯৫ হাজার ৬১৯ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজটি কলেবরে বড় হলেও এটি মূলত একটি শুভঙ্করের ফাঁকি। পর্যালোচনা করলে দেখা যায় যে প্রণোদনা বলা হলেও মূলত অধিকাংশই ব্যাংকনির্ভর ঋণ-প্যাকেজ। যা বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী মহলকে দেওয়া হবে ব্যাংক- গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। এতে সরকারের প্রণোদনা নিতান্তই অপ্রতুল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতেই ব্যাংকগুলো থেকে ঋণ পাচ্ছে কেবল সরকারি ক্যাডার এবং সরকারি আশীর্বাদপুষ্ট কিছু নব্য ধনী ও সীমিত সংখ্যক ব্যবসায়ী। এতে ভিন্নমতাবলম্বীদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। অথচ প্রস্তাবিত ব্যাংক-ঋণ প্যাকেজটি থেকে বর্তমানে বিরাজমান ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ দেওয়া হলে সরকারদলীয় লোকজনই লাভবান হবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এ ঋণ-প্যাকেজের সুযোগ থেকে বঞ্চিত হবে বলেই আমাদের আশংকা।”
মির্জা ফখরুল বলেন, “বিগত ৪ এপ্রিল বিএনপি করোনাজনিত প্রভাব মোকাবিলায় ৮৭ হাজার কোটি টাকার ইকোনমিক প্যাকেজ ঘোষণা করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রস্তাবিত সে প্যাকেজের ভেতরে না ঢুকে খুবই কটূ ভাষায় বিএনপি মহাসচিবকে ব্যক্তিগত আক্রমণ করে প্যাকেজটিকে ‘কল্পনা-বিলাস’ বলে প্রত্যাখ্যান করেন। অথচ পরদিনই প্রধানমন্ত্রীর ৭২ হাজার ৫শ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা এবং পহেলা বৈশাখের ভাষণে সর্বমোট ৯৫ হাজার ৬১৯ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা প্রমাণ করে যে বিএনপি ঘোষিত প্যাকেজটি ছিল বাস্তবভিত্তিক।”
বিএনপি মহাসচিব বলেন, সরকারের উচিত হবে বিএনপির প্রস্তাব অনুযায়ী এসব খাতে প্রস্তাবিত ঋণ-প্যাকেজের জন্য সরকারি তহবিল থেকে বিশেষ অর্থ বরাদ্দ করা।
মির্জা ফখরুল ইসলাম বলেন, টিসিবির আওতায় চাল, ডাল বিক্রি এবং উপজেলা ও ইউনিয়ন লেভেলে চলমান ভিজিডি/ভিজিএফ প্রকল্পের আওতায় চাল বিতরণ শুরু হলে সারা দেশে চাল চুরির মহোৎসব শুরু হয়। অন্যদিকে ত্রাণ বিতরণে নজিরবিহীন দলীয়করণের কারণে ভিন্নমতাবলম্বী চরম দুস্থদের বেঁচে থাকার ন্যূনতম উপাদান চাল-ডাল থেকে বঞ্চিত করা হচ্ছে।
তিনি বলেন, “আমাদের প্রস্তাবে কৃষি শ্রমিক, প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষকদের আলাদাভাবে চিহ্নিত করে আর্থিক সাহায্য দেওয়ার কথা বলেছিলাম। সব কৃষি ঋণ মওকুফ করতে এবং শাটডাউনের কারণে আসছে মৌসুমে উৎপাদিত ফসল বাজারজাতকরণ সমস্যার পরিপ্রেক্ষিতে কৃষকদেরকে উৎপাদিত ফসলের ন্যূনতম দাম দিতে বলেছিলাম, যাতে কৃষকের মেরুদণ্ড ভেঙে না যায়। দুঃখজনক হলো সরকারের প্যাকেজে এসব প্রস্তাবনা অনুপস্থিত।”
করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারকে পরামর্শ দেয়ার জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়ে মির্জা ফখরুল বলেন, “করোনা পরিস্থিতি মোকাবেলায় একটি সমন্বিত সুপরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহণ, ত্রাণ বিতরণ, বিভিন্ন সেক্টরের প্রণোদনা, ঋণ প্যাকেজ বণ্টন ইত্যাদি বিষয়ে সরকারকে পরামর্শ দেয়ার জন্য পুনরায় একটি জাতীয় ট্রাস্কফোর্স গঠনের প্রস্তাব করছি।”
করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে দক্ষ জনবল, বিশেষায়িত হাসপাতাল, কৃষকদের আসছে মৌসুমে মিনিমাম সাপোর্টমানি প্রদান, দিনমজুরদের খাবার তুলে দেয়ার লক্ষ্যে ছয় মাসের আর্থিক প্রণোদনা প্রদানের প্রস্তাব দেন বিএনপি মহাসচিব।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।