ত্রাণের দাবিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ: আরো চাল উদ্ধার, গ্রেপ্তার
-
বরিশালে বিক্ষোভ (ফাইল ফটো)
বাংলাদেশে বিভিন্ন এলাকায় ত্রাণের দাবিতে কর্মহীন অসহায় মানুষ আজও বিক্ষোভ করেছেন। একই সাথে বিভিন্ন জেলায় গরিবদের জন্য বরাদ্ধ সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
রংপুরে চার স্থানে বিক্ষোভ
আজ (সোমবার) নগরের কলেজ রোডের পুরোনো ট্রাকস্ট্যান্ড, চারতলা মোড়, নজিরের হাট মুন্সির মোড় ও পীরগাছার কদমতলী- এই চার এলাকায় শত শত মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ ব্যক্তিদের অভিযোগ, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় এক মাসের অধিক সময় ধরে মানুষজন কর্মহীন হয়ে বাড়িতে অবস্থান করছেন। পরিবার-পরিজন নিয়ে খেয়ে না-খেয়ে দিনযাপন করছেন। কিন্তু বিভিন্ন স্থানে ত্রাণসহায়তা দেওয়া হলেও অনেক এলাকার কর্মহীন অভাবী মানুষ এখনো ত্রাণসহায়তা পাননি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নগরের তিনটি এলাকা ও পীরগাছা উপজেলার একটি স্থানে বিক্ষোভের খবর পেয়ে আজ বেলা সাড়ে ১১টায় পুলিশ নগরের নজিরেরহাট মুন্সির মোড় এলাকায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ত্রাণ তৎপরতার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ঘরে বাড়ি ফিরে যান।
এদিকে, দুপুর ১২টার দিকে নগরের কলেজ রোড এলাকায় পুরোনো ট্রাকস্ট্যান্ড ও চারতলা মোড় এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ত্রাণসুবিধাবঞ্চিত লোকজন। তাঁদের অভিযোগ, ত্রাণ দেওয়ার আশ্বাস দিয়ে ওয়ার্ড কাউন্সিলররা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিলেও এখন পর্যন্ত কোনো ত্রাণ দেয়নি। বরং পর্যায়ক্রমে দেওয়া হবে বলে এক মাসের বেশি সময় অতিক্রম করেছে।
সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা দুপুর একটার দিকে ঘটনাস্থলে এসে খাদ্য সরবরাহের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
ঠাকুরগাঁওয়ে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ
ঠাকুরগাঁওয়ে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার বিকাল ৫ টার দিকে সদর উপজেলা পৌরসভা হঠাৎ বস্তি এলাকায় পীরগঞ্জ হরিপুর আঞ্চলিক সড়কে স্থানীয় কয়েকশত কর্মহীন মানুষ ত্রাণের দাবিতে সামাজিক দূরত্ব বজায় না রেখেই সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন। পরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন তারা।
ঘণ্টাব্যাপী এই অবরোধে বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা পরিস্থিতির কারণে সরকারের নির্দেশ মোতাবেক দীর্ঘ বিশ দিন কর্মহীন অবস্থায় তারা নিজ বাড়িতে অবস্থান করছেন। সরকার থেকে বিভিন্ন স্থানে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করার কথা বলা হলেও তারা আজ পর্যন্ত কোন ত্রাণ পাননি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার কথা বলেও কোনো কাজ হচ্ছে না। তাই ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে সড়কে অবস্থান নিয়েছেন তারা।
অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, সরকারের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন ধারাবাহিকভাবে সকল দরিদ্র কৃষক, দিনমজুর ও কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ক্রমান্বয়ে সকল হতদরিদ্র ব্যাক্তি যেন সরকরি ত্রাণ পায় সে লক্ষে জেলা প্রশাসন কাজ করছে। এ ছাড়া যে সমস্ত ব্যাক্তির চাহিদা থাকলেও লোক লজ্জায় ত্রাণ নিতে পারছেন না তাদের জন্য হট লাইন চালু করা হয়েছে। অনেকে ফোন করছেন, তাদের গোপনে ত্রাণ পৌঁছিয়ে দেওয়া হচ্ছে।
মাদারিপুরে সড়ক আবরোধ
মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের অসহায় কর্মহীন দিনমজুর নারী-পুরুষ রোববার সকাল ১০টায় ত্রাণের দাবিতে সমাদ্দার এলাকার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
জানা গেছে, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদ থেকে তিন সপ্তাহ আগে ত্রাণ দেয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেন পরিষদের কর্মকর্তারা। কিন্তু এ পর্যন্ত কোনো ত্রাণ কিংবা খাদ্য সহায়তা দেয়া হয়নি নিম্নআয়ের মানুষকে। বারবার ইউনিয়ন পরিষদে গিয়েও ফিরে আসতে হয়েছে বলে অভিযোগ তাদের। এমতাবস্থায় ত্রাণের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। ঘণ্টাব্যাপী বিক্ষোভের পরে মানববন্ধন করে তারা। ব্যানার-ফেস্টুন হাতে ত্রাণের জন্য রাস্তায় নামেন হাজারও মানুষ।
বিক্ষোভ ও মানববন্ধনের ফলে একঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে সড়কে অবস্থান নেয়া নিম্ন-আয়ের মানুষজন সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বলেন, তার ইউনিয়নে সাড়ে ৮ হাজার পরিবারের ত্রাণ প্রয়োজন। আর তিনি পেয়েছেন মাত্র ৬৮৬ পরিবারের জন্য। বাকি পরিবারের চাল তিনি কোথা থেকে দেবেন?
বরিশাল শহরে বিক্ষোভ
ওদিকে ত্রাণের দাবিতে বরিশাল সিটির ১নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকার কর্মহীন শত শত নারী পুরুষ বরিশাল লাকুটিয়া সড়ক আটকে দিয়ে বিক্ষোভ করেছে। রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। পরে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনরতদের অভিযোগ, করোনাভাইরাসের কারণে ২৫-২৭ দিন ধরে কাজ বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে অনেকটা অনাহারে দিন কাটাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা তাদের ত্রাণ দেওয়ার কথাবলে ভোটার আইডি কার্ড ও নাম ঠিকানা, মোবাইল নাম্বার নিয়ে যায়। কিন্তু প্রায় ১ মাস হয়ে গেলেও তাদের কোনো ত্রাণ সহযোগিতা করা হয়নি।
এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সুমন বলেন, ১নং ওয়ার্ডের অধিকাংশ ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে। তবে পশ্চিম কাউনিয়া এলাকার মানুষ এখনও ত্রাণ পায়নি। এটা একটি চলমান কার্যক্রম। অতি শিগগিরই তারাও ত্রাণ পাবে বলে তিনি জানান।
লালমনিরহাটে ব্যবসায়ীর গোডাউন থেকে ১২০ বস্তা চাল উদ্ধার
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা সিন্দুর্না হাটখোলা বাজার থেকে সোমবার ভোর ৩টার দিকে ১০ টাকা কেজি মূল্যের ১২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।
লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, রাতের দিকে ১২০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে উপজেলার সিন্দুর্না হাটখোলা বাজারের চাল ব্যবসায়ী আব্দুস সোবাহানের গোডাউনের সামনে একটি ট্রলি এসে দাঁড়ায় এতে স্থানীয় মানুষের সন্দেহ দেখা দিলে তারা গোডাউনটি ঘিরে রেখে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন।
খবর পেয়ে ইউএনও হাতীবান্ধা থানা পুলিশকে সাথে নিয়ে গোডাউনের তালা ভেঙে ১২০ বস্তা চাল উদ্ধার করে।
এ সময় ট্রলি চালককে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তবে গোডাউন মালিককে আটক করতে পারেনি পুলিশ।
ঝালকাঠীতে চাল উদ্ধার
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাঘর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হোসেন আলীর বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৬ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ দুপুরে উপজেলা নির্বাহি অফিসার মো. সোহাগ হাওলাদার এ অভিযান পরিচলনা করেন। এ ঘটনায় হোসেন আলী ও স্থানীয় ওএমএস ডিলার মাহাদী হাসানকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড প্রাদান করা হয়।
শাহজাদপুরে চেয়ারম্যানের চুরি করা ২০ বস্তা চাল উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০ নম্বর কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের আত্মসাৎ করা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এই ২০ বস্তা চাল করোনাভাইরাসে কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছিল।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ইউনিয়নের গোপালপুর মোড় সংলগ্ন আয়াত উল্লাহ নামক ব্যক্তির বাড়ি থেকে এ ত্রাণের চাল উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জোহা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। তারা ডিলার আলাউদ্দীনকে আটক করে উদ্ধার করা চাল নিয়ে যান।
ইউএনও শামসুজ্জোহা বলেন, চাল চোর ধরা পড়েছে। যে ডিলার, সে আসলে দায়ী। এর পেছনে কে আছে না আছে, পুলিশ তা তদন্ত করে বের করবে।
চেয়ারম্যানের মুরগী খামার থেকে ৮৬৯ বস্তা চাল উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের একটি পরিত্যক্ত মুরগীর খামার থেকে ৮শ ৬৯ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচীর চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের স্ত্রী ও চালের ডিলার রহিমা বেগমের বাগান বাড়ি থেকে এই চাল উদ্ধার করা হয়।
হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম বলেন, একটি বাসায় বেশ কিছু সরকারি চাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের বাগান বাড়িতে অভিযান চালাই। এই সময় সেখান থেকে বেশ কিছু সরকারি চাল জব্দ করি। এগুলো ডিলারের জিম্মায় রেখে দিয়েছি। তবে তারা বলছে এগুলো 'পুষ্টি কর্মসূচির চাল'। আমরা তথ্যগুলো যাচাই করছি। তবে পুষ্টি কার্ডধারী যারা রয়েছেন তারাই যেন এই চাল পায় তাই আগামীকাল প্রশাসনের উপস্থিতিতে তা বিতরণ করা হবে।#