করোনা মোকাবিলায় উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো: স্বাস্থ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i79282-করোনা_মোকাবিলায়_উন্নত_দেশের_চেয়ে_বাংলাদেশের_অবস্থা_ভালো_স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশে করোনা সংক্রমণে প্রতিদিন মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও, সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করেছেন, করোনা মোকাবিলায় উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। আজ (বুধবার) দুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২২, ২০২০ ১৫:৫০ Asia/Dhaka
  • জাহিদ মালেক
    জাহিদ মালেক

বাংলাদেশে করোনা সংক্রমণে প্রতিদিন মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও, সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করেছেন, করোনা মোকাবিলায় উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। আজ (বুধবার) দুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি।

আক্রান্ত ৩৭৩২, মৃত্যু ১২০

এদিকে সর্বশেষ হিসাব আনুযায়ী- দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ৭৩২ জন এবং মারা গেছেন ১২০ জন। করোনায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯২ জন। বর্তমানে আইসোলেশনের আছেন ৯০০ জন। দশের ৬৪টি জেলার মধ্যে ৫৫ জেলায় ছড়িয়েছে এ রোগ।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখন করোনা সংক্রমণের চতুর্থ ধাপের প্রথম স্তরে প্রবেশ করেছে। প্রকোপ আরো বাড়ার আশংকা করছেন চিকিৎসা বিজ্ঞানীরা। ইতোমধ্যে কোন রকম লক্ষণ প্রকাশ ছাড়াই করোনা শনাক্ত হচ্ছে।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, যে ১০ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ সাতজন এবং নারী তিনজন। এদের সাতজন ঢাকায় এবং ঢাকার বাইরে ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে বয়স হিসাবে ষাটোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব তিনজন এবং ২০ থেকে ৩০ বছর বয়সী দুজন রয়েছেন।

নারায়ণগঞ্জে মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

মরণঘাতি করোনায় থাবায় নারায়ণগঞ্জের মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫ জন। আর আক্রান্ত হয়েছে ৪৯৯। এরমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৮ জন। মারা গেছে ২ জন। বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়। মঙ্গলবার  নারায়ণগঞ্জে এই মৃতের সংখ্যা ছিল ৩৩ জন ও মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪২১ জন।

এই পর্যন্ত জেলায় মোট ১৪০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০৩ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৬ জন।

পটুয়াখালীতে মেডিকেল কর্মকর্তাসহ আক্রান্ত ১১ 

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তাসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় ১১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে রাঙ্গাবালী উপজেলায় চারজন, দশমিনা উপজেলায় তিনজন, দুমকি উপজেলায় তিনজন ও সদর উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনামতে আক্রান্তদের চিকিৎসা দেয়া হবে। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের শনাক্তের কাজ অব্যাহত রয়েছে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার ঘরে নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত চিকিৎসক দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা। ২০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। ২১ এপ্রিল রাতে তার করোনা পজিটিভ আসে।

এর আগে ১৯ এপ্রিল পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। করোনায় আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য জেলা পরিবার পরিকল্পনা ভবনে ৫০ শয্যা আইসোলেশন ইউনিট, রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, ভাসমান কোয়ারান্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।