আমরা করোনাকে জয় করব- কাদের : দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে- রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i79315-আমরা_করোনাকে_জয়_করব_কাদের_দুর্ভিক্ষের_পদধ্বনি_শোনা_যাচ্ছে_রিজভী
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা ভাইরাসকে জয় করব। তবে ভয়ের কারণ নেই। তিনি এ যাবৎ প্রমাণ করেছেন কীভাবে ক্রাইসিসকে সম্ভাবনায় পরিণত করা যায়। আমরা সেই রকম এক নেত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছি।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২৩, ২০২০ ১৪:৪০ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের- রুহুল কবির রিজভী
    ওবায়দুল কাদের- রুহুল কবির রিজভী

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা ভাইরাসকে জয় করব। তবে ভয়ের কারণ নেই। তিনি এ যাবৎ প্রমাণ করেছেন কীভাবে ক্রাইসিসকে সম্ভাবনায় পরিণত করা যায়। আমরা সেই রকম এক নেত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছি।’

আজ (বৃহস্পতিবার) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণের আগে নিজের বাসা থেকে সংযুক্ত হয়ে ভিডিও কানফারেন্সে এসব বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এখন দুটি জিনিসের বিরুদ্ধে যুদ্ধ করছি। এর একটা যুদ্ধ হচ্ছে করোনাভাইরাসকে প্রতিরোধ করা। আরেকটা যুদ্ধ হচ্ছে আমাদের গরিব ও অসহায় মানুষকে প্রটেকশন দেওয়া।

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সারা দেশে ত্রাণ তৎপরতা এবং চিকিৎসাসামগ্রী বিতরণ করছে। আওয়ামী লীগের নেতকর্মীরা জনগণের পাশে আছেন। অসহায় মানুষের পাশে আছেন। গরিব, নিম্নমধ্যবিত্ত অনেক মানুষ আছেন যারা আজ কর্ম হারিয়ে দিশেহারা। অনেকেই মুখে বলতে পারছেন না। কিন্তু ভেতরে ভেতরে অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। এসব লোককে খুঁজে খুঁজে তাদের মাঝে আওয়ামী লীগের ত্রাণ উপ-কমিটি যে খাদ্য বিতরণ ও চিকিৎসাসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন, এটা প্রশংসনীয়।’

এদিকে. বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপি অভিযোগ করে বলেছে, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন উপার্জনহীন মানুষ প্রচণ্ড ক্ষুধা ও অভাবের মধ্যে দিনযাপন করছে। দেশে হাহাকার চলছে। দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। ক্ষুধায় আত্মহত্যা করছে। রাস্তাঘাটে লাশ পড়ে থাকছে।

আজ সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর সিরাজদিখানে ত্রাণ বিতরণকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাধারণ মানুষের জন্য ত্রাণ জনগণের টাকায় কেনা। আওয়ামী লীগ নেতাদের ঘরের ভেতর থেকে সেই ত্রাণের হাজার হাজার বস্তা চাল বের হচ্ছে। খাটের মধ্য থেকে তেল পাওয়া যাচ্ছে।

রিজভী বলেন, দেশে আজ এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যখন করোনা প্রাদুর্ভাব শুরু হয়েছিল তখন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। আমরা বারবার বলেছি আসুন, বিএনপি আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল মিলে মহামারি বিপদকে সামাল দেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার তা শুনছে না। নিজেদের  লুটপাট আর চুরির জন্যই তারা অন্যদের সাথে একত্রে কাজ করতে চায় না।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।