ভারতীয় সেনা সহায়তার দাবি উড়িয়ে দিল বাংলাদেশ ও আফগানিস্তান
-
নিজ দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে ভারতের সেনাবাহিনী
করোনাভাইরাস মোকাবিলায় সহায়তার লক্ষ্যে ভারতীয় সেনা মোতায়েনের খবর প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ও আফগানিস্তান।
এর আগে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই'র বরাত দিয়ে দেশটির একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, প্রতিবেশী কয়েকটি দেশে করোনা মোকাবেলায় র্যাপিড রেসপন্স টিম গঠন করছে ভারত। কয়েকটি ভাগে ভাগ করে ভুটান, শ্রীলংকা ও আফগানিস্তানে এ দলটির সদস্য পাঠাবে ভারত। তবে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে সহায়তা করার জন্য আসছে- এ ধরনের খবর প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমাদের সেনাবাহিনী করোনা প্রতিরোধে দেশে ও বিদেশে যথেষ্ট সহায়তা করছে। তারা লকডাউন কার্যকরসহ প্রতিটি ক্ষেত্রেই সহায়তা করছে। এমনকি বিদেশ থেকে লোক আসার পর কোয়ারেন্টাইন করাতেও তারা সহায়তা করছে। তারা যে শুধু দেশেই সহায়তা করছে, তা নয়। আমরা বিদেশেও আমাদের সেনাবাহিনীর দুইটি দল পাঠিয়েছি। কুয়েত ও মালদ্বীপে আমাদের সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাস প্রতিরোধে সহায়তা করছে। তাই এই মুহূর্তে করোনা মোকাবিলায় অন্য দেশ থেকে আমাদের দেশে মিলিটারি আসার প্রয়োজন নেই।’
এদিকে, আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জাভিদ ফয়সাল বলেছেন, “মহামারি প্রতিরোধে ভারতীয় সেনাবাহিনীর কাছে সাহায্য চায়নি আফগানিস্তান। কাবুল থেকে এ ধরণের কোনো অনুরোধ যায়নি। দিল্লি থেকেও এ ধরণের কোনো ইঙ্গিত আসেনি। এসব মিথ্যা প্রতিবেদন। মিথ্যা ধারণা।”
বৃহস্পতিবার আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এক হাজার ২৬৯ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। ভাইরাসের সংস্পর্শে আসার পর মারা গেছে ৪২ জন। তবে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার কারণে সরকারি তথ্যের চেয়েও কার্যত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।