ঢাকার বাইরের পোশাক শ্রমিক যাতে না আসে, সে চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
-
নিজ নিজ কারখানায় যোগ দিতে ঢাকার বাইরে থেকে আসতে শুরু করেছে পোশাক শিল্পের শ্রমিকরা
ঢাকা ও পার্শবর্তী এলাকায় পোশাক কারখানাগুলো খুললেও ঢাকার বাইরে থেকে আর যেন শ্রমিক না আসে সে ব্যপারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
আজ (মঙ্গলবার) সচিবালয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের সময় আবার যাতে শ্রমিকরা ঢাকা না ছাড়েন সে ব্যপারেও চেষ্টা চলছে।
সাধারণ ছুটিতে চালু হওয়া তৈরি পোশাক কারখানার শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন স্থানে বেতন ভাতার দাবিতে শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম, আইজিপি বেনজীর আহমেদ, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ সভাপতি রুবানা হক, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।
আইএলও উদ্বিগ্ন
এদিকে, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন শিথিল করে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার ক্ষেত্রে যদি তাদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা না হয় তাহলে এ মহামারির দ্বিতীয় ঢেউ আসতে পারে।
আজ সংস্থার জেনেভা অফিস থেকে পাঠানো এত বিবৃতিতে এ আশঙ্কার করা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার ক্ষেত্রে মালিকপক্ষকে ঝুঁকি মূল্যায়ন করে কর্মক্ষেত্রে কঠোর স্বাস্থ্য নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। কীভাবে কর্মক্ষেত্রে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা যায় সে বিষয়ে কিছু পরামর্শও দিয়েছে আইএলও।
আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই কেবল শ্রমিক, তাদের পরিবার ও সমাজের বড় অংশের জীবন রক্ষা করা সম্ভব।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।