বিএনপি নেতারা ডব্লিউএইচও'র চেয়েও বেশি জ্ঞান রাখেন: তথ্যমন্ত্রীর কটাক্ষ
-
ড. হাছান মাহমুদ
বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের কথায় মনে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চেয়েও তারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন। তিনি বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল রুহুল কবির রিজভী এবং আরো কোনো কোনো নেতার বক্তব্যে মনে হয়, তাদের পরামর্শটা যদি ইউরোপ-আমেরিকা শুনত, তাহলে তারাও এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেত।'
আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে নিজ দপ্তরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী আওয়ামী লীগের ‘আমরা করোনার থেকেও শক্তিশালী’- এ মন্তব্যকে কটাক্ষ করার জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের সাধারণ সম্পাদক এ কথাটি প্রতীকী অর্থে বলেছিলেন। অর্থাৎ সম্মিলিতভাবে যাতে আমরা সবাই জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে এই করোনা মোকাবিলা করি সেই অর্থেই কথাটি বলেছিলেন। সেই কথার অর্থ না বোঝা তাদের ভাষাজ্ঞানের অভাব। আমি আশা করব, বিএনপি নেতারা এ কথার সঠিক অর্থ বুঝবেন।'
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা শুধু সমালোচনা করছেন, কিন্তু পৃথিবীর দিকে তাকাচ্ছেন না, কারণ তাদের এই সমালোচনার মূল উদ্দেশ্য হচ্ছে সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা।
তথ্যমন্ত্রী বলেন, 'আজকের এই পরিস্থিতিতে পৃথিবীর প্রায় সব দেশে সমস্ত দল একযোগে সরকারের সহযোগী হিসেবে একসঙ্গে কাজ করছে জনগণকে রক্ষা করার জন্য। এমনকী ভারতেও প্রধান বিরোধী দল কংগ্রেসসহ কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের সহায়তায় এগিয়ে এসেছে।কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই কাজটি বিএনপি করেনি, করতে পারেনি, কারণ তারা সেই সংস্কৃতিটি লালন করে না। বরং তারা ‘পলিটিক্স অব ডিনায়াল’ আর ‘পলিটিক্স অব কনফ্রনটেশন’-এ বিশ্বাস করে।’
আক্ষেপ করে হাছান মাহমুদ বলেন, 'আমরা আশা করেছিলাম মানুষের এই দুর্যোগের সময় তারা তাদের চিরাচরিত ‘না বলার রাজনীতি আর সাংঘর্ষিক রাজনীতি’ থেকে বেরিয়ে আসবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য তারা বেরিয়ে আসতে পারেনি।'
তথ্যমন্ত্রী বলেন, 'যেখানে স্পেন-ইতালিতে এখনো প্রতিদিন প্রায় ২শর মতো মানুষ মারা যাচ্ছে, সেখানে তারা লকডাউন শিথিল করেছে, ভারতে প্রতিদিন একশ’র বেশি মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও অনেক জায়গায় লকডাউন শিথিল করা হয়েছে- এসবই মানুষের জীবিকা রক্ষার কারণে। বাংলাদেশেও মানুষের জীবনের পাশাপাশি জীবিকা রক্ষার জন্যই নানা সিদ্ধান্ত নিয়েছে সরকার।'
তিনি বলেন, ‘বাংলাদেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যুহার ইউরোপ, আমেরিকার চেয়ে কম। এমনকি প্রতিবেশী ভারত, পাকিস্তানের চেয়েও কম। সৃষ্টিকর্তার দয়া ও বিশ্বে করোনার প্রাদুর্ভাবের পরই বাংলাদেশে আসার আগেই প্রধানমন্ত্রীর নানা দূরদর্শী পদক্ষেপের কারণেই সেটা সম্ভব হয়েছে। আর মানুষ যাতে আক্রান্ত না হয়, সেই লক্ষ্য নিয়েই আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’
করোনা আক্রান্তের সংখ্যা হয়তো বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী
এদিকে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনা নমুনা পরীক্ষার সংখ্যা গত এক মাসে বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে আমরা বেশিসংখ্যক আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করতে পারছি। যত বেশি আক্রান্ত মানুষ চিহ্নিত হবে, তত আক্রান্তের ঝুঁকিও কমবে। এই নমুনা পরীক্ষা খুব দ্রুতই ১০ হাজার এবং এরপর তা ১৫ হাজারে নিয়ে যাওয়া হবে। এর জন্য সরকারের হাতে পর্যাপ্ত কিটসও মজুদ আছে।’
আজ (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সম্মেলন কক্ষে নবনিযুক্ত পাঁচ হাজার নার্সের যোগদান ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সরকার করোনায় মানুষের স্বাস্থ্যসেবায় শুরু থেকেই জোরালো প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং হাসপাতালে বেড বৃদ্ধি, পিপিই মজুদ বৃদ্ধি করাসহ এখন প্রতিদিনই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।