বাংলাদেশে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনাভাইরাসে আক্রান্ত, হাসপাতালে ভর্তি
-
মোহাম্মদ নাসিম
বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (সোমবার) বিকেল নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বিষয়টি নিশ্চিত করে বলেন, “চার দিন আগে আব্বার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তবে শারীরিক দুর্বলতা থাকায় আমরা আজকে তাকে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করিয়েছি। সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ওই পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিমকে মঙ্গলবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হবে বলে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনা পজিটিভ
এদিকে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরের উপসর্গগুলো মৃদু হওয়ায় এখনো বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
সোমবার একটি অনলাইন নিউজ পোর্টালকে মাইদুল ইসলাম বলেন, দেশে এখন মহামারি চলছে। এই মহামারি মোকাবিলায় আমরা কাজ করে যাচ্ছি। আর তাই বিভিন্ন কাজের কারণে আমাদের বিভিন্ন স্থানে যেতে হয়। আমি সবসময়ই স্বাস্থ্যবিধি মেনেই চলতাম। তারপরও অনেকের সঙ্গেই যোগাযোগ হতো। তাই আসলে বুঝতে পারছি না কিভাবে সংক্রমিত হয়েছি।
মাইদুল বলেন, গত কিছুদিন থেকে জ্বর, সর্দি ও মাথা ব্যথা ছিল। তাই গতকাল (রোববার) নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলাম। সেই নমুনা পরীক্ষার ফলাফল আজ পজিটিভ এসেছে। আমি এখনো বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।