করোনাভাইরাস: লন্ডনে আটকেপড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরেছেন
https://parstoday.ir/bn/news/bangladesh-i80671-করোনাভাইরাস_লন্ডনে_আটকেপড়া_১৫৭_বাংলাদেশি_দেশে_ফিরেছেন
করোনাভাইরাস কোভিড-১৯ মহামারীর মধ্যে লন্ডনে আটকেপড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গতরাত ১২টা ৪৫ মিনিটে তাদেরকে দুবাই থেকে বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১৪, ২০২০ ০৯:২৫ Asia/Dhaka
  • করোনাভাইরাস: লন্ডনে আটকেপড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

করোনাভাইরাস কোভিড-১৯ মহামারীর মধ্যে লন্ডনে আটকেপড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গতরাত ১২টা ৪৫ মিনিটে তাদেরকে দুবাই থেকে বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হয়।

কোভিড-১৯ মহামারী থেকে রক্ষা পেতে লকডাউনের মধ্যে সড়ক-নদী ও বিমানপথে যোগাযোগ বন্ধ করে দেয় বিশ্বের বিভিন্ন দেশ। এ কারণে অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন। তাদের বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনছে বাংলাদেশ। এরই মধ্যে লন্ডন, সৌদি আরব, ব্যাংকক, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েক শতাধিক বাংলাদেশি ফিরেছেন।

এর আগে গতকাল শনিবার, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আটকেপড়া ৩৯১ বাংলাদেশি নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। জানা গেছে, দুবাই থেকে দেশে ফেরার পর ৩৯১ জনের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার ইতালির রোম শহরে আটকে পড়া ২৮৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। তারও আগে ১১ জুন দোহা থেকে বাংলাদেশে আসেন ৪০৯ বাংলাদেশি। ৬ জুন মালদ্বীপ থেকে আসেন ২৬৫ বাংলাদেশি। ৩ জুন কুয়ালালামপুর থেকে ফেরেন ১৪০ বাংলাদেশি, ৩১ মে দুবাই থেকে আসেন ২৬২ বাংলাদেশি।

এদিকে প্রায় তিনমাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে আগামী ১৬ জুন থেকে। তবে প্রথম পর্যায়ে শুধু লন্ডন ও কাতার রুটে এই সীমিত পরিসরে ফ্লাইট চালু হবে। পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য দেশগুলো নিষেধাজ্ঞা তুলে নিলে সে সব দেশেও ফ্লাইট চালু হবে বলে জানা গেছে।

দেশে ঢুকতে করোনামুক্ত সাটিফিকেট থাকতে হবে

বিমানবন্দর দিয়ে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিকদের দেশে প্রবেশের ৭২ ঘণ্টা আগে ‘করোনা (কোভিড-১৯) নেগেটিভ’ অর্থাৎ ‘করোনায় আক্রান্ত নন’-এই মর্মে সার্টিফিকেট নিয়ে দেশে ফিরতে হবে।

আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে কিছুটা শিথিলতা আনা হয়েছে। শুধুমাত্র যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে যাবে বাংলাদেশের ফ্লাইট। দেশে প্রবেশের পূর্বশর্ত হিসেবে এই আদেশ জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে এই সার্কুলার পৌঁছে দিয়েছে বেবিচক। এতে স্বাক্ষর করেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন কমিটির সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবির।

সার্কুলারে বিবেচক বলেছে, ১৬ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, সৌদি আরব, শ্রীলংকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোর শিডিউল কোনো প্যাসেঞ্জার ফ্লাইট বাংলাদেশে আসবে না। তবে বিশেষ ফ্লাইট (চার্টার) ও কার্গো ফ্লাইট আসতে পারবে। এসব দেশ ছাড়া অন্য দেশের প্যাসেঞ্জার ফ্লাইট এবং এসব দেশ থেকে আসা বিশেষ ফ্লাইটে যারা দেশে ফিরবেন তাদের করোনা টেস্টের ফলাফল এবং সার্টিফিকেট আনা বাধ্যতামূলক। শুধু তাই নয়; ফলাফল নেগেটিভ আসতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, যাত্রী যে দেশের নাগরিকই হোক না কেন ‘করোনা নেগেটিভ’ সম্বলিত মেডিকেল সার্টিফিকেটটি ইংরেজিতে ট্রান্সলেট করা থাকতে হবে। বিমানবন্দরে প্রবেশের সময় এটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে। তবে যদি কোনো প্রবাসী বাংলাদেশি এই সার্টিফিকেট ছাড়া দেশে ফেরেন তাহলে বিমানবন্দর থেকে তাদের সরাসরি ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

‘কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসা প্রবাসী বাংলাদেশির কারো দেহে যদি করোনাভাইরাসের উপসর্গ থাকে, তাহলেও তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে। তবে সবকিছু ঠিক থাকলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে যেতে হবে তাদের।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।