চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে আড়াই মাসেও শুরু হয়নি আইসিইউ’র ব্যবহার
https://parstoday.ir/bn/news/bangladesh-i80847-চট্টগ্রামে_বেসরকারি_হাসপাতালে_আড়াই_মাসেও_শুরু_হয়নি_আইসিইউ’র_ব্যবহার
আড়াইমাস আগে চট্টগ্রাম বন্দর নগরীর ১২টি বেসরকারি হাসপাতালকে কোভিড-১৯ চিকিৎসায় আইসিইউ ও ভেন্টিলেটর ব্যবহারের জন্য নির্ধারণ করেছিল করোনাভাইরাস মোকাবেলায় গঠিত বিভাগীয় কমিটি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ২১, ২০২০ ১৫:৫৩ Asia/Dhaka

আড়াইমাস আগে চট্টগ্রাম বন্দর নগরীর ১২টি বেসরকারি হাসপাতালকে কোভিড-১৯ চিকিৎসায় আইসিইউ ও ভেন্টিলেটর ব্যবহারের জন্য নির্ধারণ করেছিল করোনাভাইরাস মোকাবেলায় গঠিত বিভাগীয় কমিটি।

গত ৪ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত এক সভায় চার পর্যায়ে তিনটি করে হাসপাতাল ক্রমানুসারে ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু আজ পর্যন্ত এসব বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের আইসিইউ ও ভেন্টিলেটর ব্যবহার শুরু করেনি। এর ফলে গুরুতর আক্রান্ত করোনা রোগীদের চিকিৎসা সেবায় সংকট চলছে এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে। 

চট্গ্রামে রোগীদের চিকিৎসা সংকট প্রসঙ্গে সরকারের সমন্বয়হীনতা এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিকদের ব্যবসায়িক স্বার্থকে দায়ী করেছেন চট্টগ্রামের ‘এ্যাকশন এগেইনস্ট করোনা’ নামক নাগরিক সংগঠনের নেতা সত্যজিত বিশ্বাস।

তিনি জানান, করোনা পরীক্ষার সাটিফিকেট ছাড়া কোনো জরুরি রোগীকে কোনো  হাসপাতালে ভর্তি নিচ্ছে না। ওদিকে পরীক্ষা করার পর্যাপ্ত ব্যবস্থা নেই, লোকবল সংকট। তারপরও রিপোর্ট পেতে সময় লেগে যায় সাত থেকে দশদিন। আর ততদিনে অনেক সংকটাপন্ন রোগীর মৃত্যূ ঘটে। এ অবস্থায় সরকার যে মৃত্যু বা আক্রান্তের পরিসংখ্যান দিচ্ছে তার চেয়ে আসল সংখ্যা আনেক বেশি।

এ অবস্থায় চট্টগ্রাম নগরে ১২টি বেসরকারি হাসপাতালকে দ্রুততম সময়ের মধ্যে করোনা রোগীদের চিকিৎসাসেবা চালুর নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান গতকাল এ আদেশ দেন।

করোনায় আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য সরকারিভাবে প্রজ্ঞাপন জারির পরও বেসরকারি হাসপাতালগুলো চিকিৎসা চালু না করায় প্রতিকার চেয়ে হাইকোর্টে করা একটি রিটের শুনানিতে গতকাল এ নির্দেশনা আসে।

নির্দেশনার পর ওই হাসপাতালগুলো চিকিৎসাসেবা দিচ্ছেন কি না- তা আগামী ২২ জুন প্রতিবেদন আকারে আদালতকে জানানোর জন্য চট্টগ্রামের সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো হলো- পার্কভিউ হাসপাতাল, মেডিক্যাল সেন্টার, ইম্পেরিয়াল হাসপাতাল, সার্জিস্কোপ হাসপাতাল (ইউনিট-২), ডেল্টা হাসপাতাল, সিএসটিসি হাসপাতাল, সিএসসিআর, ন্যাশনাল হাসপাতাল, এশিয়ান হাসপাতাল, রয়েল হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল ও ম্যাক্স হসপিটাল।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ জুন আইনজীবী মো. সাইফুল ইসলাম ও মো. আজিজুল হক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিবাদী করে হাইকোর্টে একটি রিট করেন। এ রিটে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারির পরও নগরের ১২টি বেসরকারি হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসাসেবা না দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রতিকার দাবি করা হয়।

টেলিমেডিসিন সেবাও বন্ধ করে দিয়েছে বিএমএ

চট্টগ্রামে এমনিতেই চিকিৎসা ছাড়া মানুষ মরছে। করোনা সংক্রমণ শুরু পর প্রায় তিনমাস ধরে চট্টগ্রামে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ আছে। তার ওপর টেলিমেডিসিন সেবাও বন্ধ করে দিয়েছে বিএমএ।

২৫ মার্চ থেকে বিএমএ’র পক্ষ থেকে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছিল। হটলাইনে উপসর্গ জেনে বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা ব্যবস্থাপত্র ও পরামর্শ দিচ্ছিলেন। কিন্তু খুলনায় একজন ডাক্তারকে রোগীর স্বজনরা পিটিয়ে মেরে ফেলার  প্রতিবাদ হিসেবে টেলিমেডিসিন সেবা বন্ধ করে দিয়েছে বিএমএ।

বেসরকারি হাসপাতালগুলোর প্রশংসা করলেন স্বাস্থ্যমন্ত্রী

এদিকে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের করোনা মোকবিলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

শনিবার (২০ জুন) জয়নাল আবেদিন শিকদার উইমেন মেডিকেল কলেজ গুলশান শাখাকে করোনা হাসপাতাল হিসেবে উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। বিকেলে রাজধানীর বারিধারার নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী হাসপাতালের উদ্বোধন করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় সবার অবদান থাকতে হবে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সব সরকারি-বেসরকারি হাসপাতাল একযোগে কাজ করলে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই করোনাকে দেশ থেকে বিদায় জানাতে পারব। সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা লাগে অবশ্যই আমরা সেটা করব।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।