বাংলাদেশে করোনায় মৃত্যু দেড় হাজার ছাড়াল; ২৪ ঘন্টায় আরো ৩৮ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i80859-বাংলাদেশে_করোনায়_মৃত্যু_দেড়_হাজার_ছাড়াল_২৪_ঘন্টায়_আরো_৩৮_জনের_মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরো ৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে এ যাবৎ মোট সংখ্যা দেড় হাজার অতিক্রম করেছে। আজ (সোমবার) করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০২০ ১১:৫৫ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় মৃত্যু দেড় হাজার ছাড়াল; ২৪ ঘন্টায় আরো ৩৮ জনের মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরো ৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে এ যাবৎ মোট সংখ্যা দেড় হাজার অতিক্রম করেছে। আজ (সোমবার) করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত  গত ২৪ ঘণ্টায় মৃত ৩৮ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৫ জন নারী। এ নিয়ে  এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৫০২ জন। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৮০ জনের দেশে করোনা সংক্রমণ  শনাক্ত হয়েছে। এ  নিয়ে  এ পর্যন্ত  ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জনের দেহে  করোনা  শনাক্ত হয়েছে। ব্রিফিংয়ে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫৫ জন। ব্রিফিংয়ের তথ্যমতে,দেশে ৬২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৫ জনের নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৭১৯টি ।

এ সময় করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘নিয়ম মেনে চলুন, মাস্ক পরুন। বাসায় আক্রান্ত কেউ থাকলে বাকি সবাই মাস্ক ব্যবহার করুন। বয়স্কদের দিকে বেশি নজর রাখতে হবে।’

অধ্যাপক নাসিমা সুলতানা

চট্টগ্রামে আরো এক চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও এক বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি হলেন- নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত। রোববার (২১ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত ডা. ললিত কুমার দত্তকে গত ২০ জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

এর আগে গত ৩ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. এহসান, ৪ জুন মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসান এবং ১৭ জুন মারা যান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে মৃত্যু হয়েছে আরও দুই চিকিৎসকের।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।