সরকারের আত্মঘাতী সিদ্ধান্তে দেশের হাজার হাজার মানুষ মৃত্যু ঝুঁকিতে: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i80889-সরকারের_আত্মঘাতী_সিদ্ধান্তে_দেশের_হাজার_হাজার_মানুষ_মৃত্যু_ঝুঁকিতে_রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘কোভিড-১৯-এর মতো মহাদুর্যোগ মোকাবিলায় সরকারের একের পর এক ভুল, আত্মঘাতী ও সমন্বয়হীন সিদ্ধান্ত ও পদক্ষেপে আজ দেশের হাজার হাজার মানুষ মৃত্যু ঝুঁকিতে পড়েছে। ক্ষমতাসীনদের মনোযোগ দুর্নীতি-লুটপাটে। ভাইরাসের রাজনীতিকরণেই তারা ব্যস্ত আছে।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ২৩, ২০২০ ১১:১২ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘কোভিড-১৯-এর মতো মহাদুর্যোগ মোকাবিলায় সরকারের একের পর এক ভুল, আত্মঘাতী ও সমন্বয়হীন সিদ্ধান্ত ও পদক্ষেপে আজ দেশের হাজার হাজার মানুষ মৃত্যু ঝুঁকিতে পড়েছে। ক্ষমতাসীনদের মনোযোগ দুর্নীতি-লুটপাটে। ভাইরাসের রাজনীতিকরণেই তারা ব্যস্ত আছে।’

আজ (মঙ্গলবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সে তিনি এমন অভিযোগ করেছেন। রিজভী বলেন, ‘করোনা মোকাবিলায় কেন্দ্রীয়ভাবে কাজের সমন্বয় নেই। নেই সুনির্দিষ্ট কোন পলিসিও। ক্ষমতাসীনদের মনোযোগ দুর্নীতি-লুটপাটে।’

রিজভী উল্লেখ করেন, ‘দেশে করোনা সংক্রমণের সাড়ে তিন মাস পার হলেও সরকারের চূড়ান্ত ব্যর্থতায় এখন সর্বত্রই নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। পরীক্ষার জন্য উপযুক্ত ল্যাব ও দক্ষ জনবল না থাকায় লক্ষ্য নির্ধারণ করে নমুনা পরীক্ষায় নামতে পারছে না স্বাস্থ্য বিভাগ। প্রকট হয়ে উঠেছে স্বাস্থ্য বিভাগের সক্ষমতার অভাব। নমুনা সংগ্রহের সরঞ্জাম ও পরীক্ষার কিটস্বল্পতা জটিল আকার ধারণ করেছে।’

পরীক্ষার রিপোর্ট দিতে বিলম্বের কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘মফস্বল থেকে জেলা সদরের ল্যাবে নমুনা পৌঁছে স্তূপ হয়ে পড়ে থাকছে। ফলে এর রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। এর ফলে দেশে আক্রান্তের প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না।’

বিএনপির এই নেতা আরো বলেন, এ অবস্থায় স্বাস্থ্য সেবা নিয়ে মানুষের ভোগান্তি চরমে উঠেছে। প্রয়োজনীয় পরীক্ষার সুযোগ না থাকায় সংক্রমণের নানা উপসর্গ নিয়েই হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে। সামাজিক সংক্রমণ জ্যামিতিক হারে বেড়ে চলেছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।