আইসিডিডিআর,বিতে শুরু হচ্ছে নমুনা পরীক্ষা, মহাখালিতে ১,০০০ শয্যার হাসপাতাল
https://parstoday.ir/bn/news/bangladesh-i80914-আইসিডিডিআর_বিতে_শুরু_হচ্ছে_নমুনা_পরীক্ষা_মহাখালিতে_১_০০০_শয্যার_হাসপাতাল
বাংলাদেশে করোনা সংক্রমণের তীব্রতা বৃদ্ধি এবং নমুনা পরীক্ষার সংকটের মাঝে আগামী ২৬ জুন থেকে বাণিজ্যিক ভিত্তিতে সবার জন্য করোনা পরীক্ষা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি)। প্রতিটি পরীক্ষার জন্য মূল্য ধার্য করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৪, ২০২০ ১১:৫৬ Asia/Dhaka
  •  আইসিডিডিআর,বিতে শুরু হচ্ছে নমুনা পরীক্ষা, মহাখালিতে ১,০০০ শয্যার হাসপাতাল

বাংলাদেশে করোনা সংক্রমণের তীব্রতা বৃদ্ধি এবং নমুনা পরীক্ষার সংকটের মাঝে আগামী ২৬ জুন থেকে বাণিজ্যিক ভিত্তিতে সবার জন্য করোনা পরীক্ষা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি)। প্রতিটি পরীক্ষার জন্য মূল্য ধার্য করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা।

এর আগে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক সেন্টারকে আরটি-পিসিআর প্রক্রিয়ায় কোভিড-১৯ টেস্ট করার অনুমোদন দিয়েছে। আইসিডিডিআর,বি গত মার্চ মাস থেকে বিনামূল্যে (স্বাস্থ্য অধিদপ্তর টেস্টের জন্য কিট সহায়তা দিয়ে থাকে) সরকার প্রদত্ত নমুনা পরীক্ষা করে আসছে এবং এ পর্যন্ত ২৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করেছে।

আইসিডিডিআরবি,র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, নমুনা পরীক্ষার সিরিয়ালের জন্য অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড  ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। আর রিপোর্ট দেওয়া হবে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে।

আজ বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য http://covid19test.icddrb.org ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোগীর সঙ্গে কেবল একজন ব্যক্তি পরীক্ষার জন্য নির্ধারিত স্থানে যেতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের অবশ্যই মাস্কসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

আইসিডিডিআর,বির সহকারী বৈজ্ঞানিক খাজা মফিজ উদ্দিন গণমধ্যমকে  বলেছেন, ‘সর্বসাধারণের কথা চিন্তা করে এ নমুনা পরীক্ষার কথা সিদ্ধান্ত নিয়েছে আইসিডিডিআর,বি। শনাক্তকরণ পরীক্ষার জন্য আপাতত রোগীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। পরবর্তী সময়ে এটাকে আরো কিভাবে সহজ করা যায়, সে চিন্তা করা হবে।এরপর আবেদনকারীকে নমুনা সংগ্রহের জন্য উপস্থিত হওয়ার সময় জানিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হবে, যাতে পরীক্ষা করতে এসে কেউ নতুন করে আক্রান্ত না হয়।’  নমুনা সংগ্রহের স্থান : আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক সেন্টার, ৬৮ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, মহাখালী, ঢাকা।

মহাখালিতে প্রস্তুত হচ্ছে এক হাজার শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন সেন্টার

সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় ঢাকার মহাখালিতে এক হাজার শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন সেন্টার স্থাপন হতে যাচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের গ্রাউন্ড ফ্লোর থেকে ৫ তলা পর্যন্ত আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করা হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন হাসপাতাল হতে রেফার হয়ে আসা করোনা পজেটিভ সাধারণ রোগীদের এ আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। ভর্তি হওয়া রোগীর অবস্থার অবনতি অথবা উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে নিকটস্থ বিশেষায়িত হাসাপাতালে স্থানান্তর করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল পদবীর কর্মকর্তা এ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। আইসোলেশন সেন্টারটির সু-ব্যবস্থাপনা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী ডাক্তার, স্বাস্থ্য সেবাকর্মী, এবং প্রশাসনিক কর্মকর্তার সমন্বয়ে একটি কোরগ্রুপ নিয়োগ করবে। সেন্টারটি পরিচালনার জন্য বাদবাকী প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও স্বাস্থ্য সেবাকর্মী স্বাস্থ্য অধিদপ্তর হতে নিয়োগ দেওয়া হবে। সেন্টারের প্রশাসনিক ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা সশস্ত্র বাহিনী কর্তৃক নিশ্চিত করা হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।