বাংলাদেশে করোনায় আরও ৪৭ জনের মৃত্যু: জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার
-
জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ গ্রেফতার
বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৪৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫২ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে।
আজ (রোববার) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ। নতুন করে সারা দেশে থেকে ১১ হাজার ২১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। ৭৭টি ল্যাবে ১১ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৪০ হাজার ৫২৪ জনের নমুনা।
শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.২৮ শতাংশ জানিয়ে তিনি বলেন, ‘নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ, ১১ জন নারী। এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৮৬০ জন পুরুষ ও ৪৯২ জন নারী।
২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ২৩ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম ও খুলনা বিভাগের ছয়জন করে, রাজশাহী ও সিলেট বিভাগে চারজন করে, বরিশাল ও রংপুর বিভাগে দুইজন করে মারা গেছে।’
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত যারা মারা গেছেন এর অর্ধেকই ঢাকা বিভাগের। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ১ হাজার ১৭৬ জন মারা গেছেন।
জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ গ্রেফতার
ওদিকে, করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠান জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) দুপুরে তাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানতে পারে, জেকেজি হেলথকেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনার টেস্টের রিপোর্ট সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনার আইইডিসিআরের মাধ্যমে যথাযথভাবে পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা ছাড়াই প্রতিষ্ঠানটির ল্যাপটপে রিপোর্ট তৈরি করা হয়।
ভুয়া করোনা রিপোর্ট তৈরির জন্য ডা. সাবরিনার স্বামী আরিফ চৌধুরীকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, জেকেজির ৭-৮ কর্মী এসব ভুয়া রিপোর্ট তৈরি করেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।