বাংলাদেশের স্বাস্থ্যখাতে অরাজকতা: সমাধানের উপায় নিয়ে বিভিন্ন মহলের বক্তব্য
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের দুই-একজনকে পদত্যাগ বা বদলি করিয়ে স্বাস্থ্যখাতের চলমান সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি।
আজ (শুক্রবার) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, "করোনা সংকটের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দূরাবস্থা জনগণের সামনে স্পষ্ট হয়ে পড়েছে। এই অবস্থায় দু-একজনকে গ্রেপ্তার, বদলি কিংবা পদত্যাগ করিয়ে কিংবা দুই একটা মন্ত্রণালয়ের রদবদল করে পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব নয়। কারণ, এই চোরে চোরে মাসতুতো ভাইয়েরা জানে তাদের ‘অবস্থা-অবস্থান-উত্থান’ ঘটেছে ‘দুর্নীতি প্রক্রিয়া, দুর্নীতির মাধ্যমে এবং দুর্নীতিবাজদের সাহায্য।"
রিজভী বলেন, "বাস্তবতা হলো; পরিস্থিতির উন্নয়ন ঘটাতে চাইলে জনগণের স্বার্থ রক্ষায় গোটা সরকারেরই খোলনলচে পাল্টাতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রীসহ এই সরকারের পদত্যাগ করতে হবে।"
এদিকে, বিশ্লেষকরা বলছেন, স্বাস্থ্য বিভাগের রদবদলগুলো সবসময় শুধুমাত্র বিরাজমান অনিয়মগুলো ধামাচাপা দেওয়ার এবং দুর্নীতিতে যারা জড়িত তাদেরকে আড়াল করতেই করা হয়েছে।
এ প্রসঙ্গে টেলিভিশন টক শো’র সুপরিচিত আলোচক ডাক্তার সাখাওয়াত হোসেন শায়ন্ত মনে করেন, জনগণের জন্য কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে শুধু ব্যক্তি নয় পরিবর্তন দরকার পুরো স্বাস্থ্য ব্যবস্থাপনায়।
এ প্রসঙ্গে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান স্বীকার করেছেন, স্বাস্থ্য সেবা খাতে একটা অরাজকতা চলছে দীর্ঘদিন ধরে। এ বিষয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে যাতে অনিয়ম-অব্যবস্থাপনা দুর্নীতি সম্পর্কে অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া যায়।
ওদিকে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদ থেকে পদত্যাগকারী অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং রিজেন্ট হসপাতালকে অবৈধভাবে করোনা টেস্টের অনুমতি প্রদানের দায়ে তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রীম কোর্টের একজন আইনজীবী।
আজ (শুক্রবার) ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু ইমেইল ও কুরিয়ার এর মাধ্যমে এ নোটিশ প্রেরণ করেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।