পল্লবী থানার প্রতারণা মামলায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ৬ দিনের রিমান্ডে
-
রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদকে গত ২০ আগস্ট দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ।
বাংলাদেশের রাজধানীর পল্লবী থানার প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের ছয় দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।
আজ (বুধবার) দুপুরে শুনানি শেষে ঢাকা ম্যট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান এ আদেশ দেন। পল্লবী থানার মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এসময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিন আবেদনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষের শুনানি করেন। সব পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
এর আগে, গত ২৬ জুলাই রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসায় অনিয়ম-প্রতারণার বিভিন্ন অভিযোগের চার মামলায় হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে ফের ২৮ দিনের রিমান্ডে পাঠিয়েছিল ঢাকার সিএমএম আদালত।
করোনা পরীক্ষা ও চিকিৎসায় অনিয়ম-প্রতারণার বিভিন্ন অভিযোগে ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। অভিযানে বিভিন্ন অনিয়ম-প্রতারণার প্রমাণ উঠে আসে। পরে স্বাস্থ্য অধিদফতর রিজেন্ট হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়ার আদেশ দেয়। এর মধ্যে র্যাব রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের নামে মামলা দায়ের করে। পরে ১৫ জুলাই ভোরে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে সাহেদকে অবৈধ অস্ত্রসহ আটক করে র্যাব।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।