বাংলাদেশে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে পবিত্র আশুরা
https://parstoday.ir/bn/news/bangladesh-i82666-বাংলাদেশে_আজ_যথাযথ_ধর্মীয়_মর্যাদায়_পালিত_হয়েছে_পবিত্র_আশুরা
বিশ্বের অন্যান্য দেশর মতো বাংলাদেশে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে পবিত্র আশুরা। করোনা পরিস্থিতির কারণে এবার ব্যাপক পরিসরে জনসমাবেশের মাধ্যম মোহাররমের শোক মিছিল আয়োজন করা হয় নি। এ ব্যাপারে ক’দিন আগেই পুলিশের নিষেধাজ্ঞা জারী হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০২০ ১৪:১৫ Asia/Dhaka

বিশ্বের অন্যান্য দেশর মতো বাংলাদেশে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে পবিত্র আশুরা। করোনা পরিস্থিতির কারণে এবার ব্যাপক পরিসরে জনসমাবেশের মাধ্যম মোহাররমের শোক মিছিল আয়োজন করা হয় নি। এ ব্যাপারে ক’দিন আগেই পুলিশের নিষেধাজ্ঞা জারী হয়েছে।

রাজধানীতে আজ রোববার সকাল থেকেই পুরান ঢাকার হোসেনি দালান এলাকায়  বিভিন্ন এলাকা থেকে জড়ো হয় ধর্ম অনুরাগী নারী পুরুষগন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একজন একজন করে পরীক্ষা করে আর্চওয়ের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করতে দেয়। ইমামবাড়ার ভেতরে সাজানো হয় তাজিয়া।   

এ বছর মিছিল করার সুযোগ না থাকলেও  কালো পোশাক পড়ে শোকের আচ্ছাদনে  কিশোর ও তরুণ-তরুণীরা ইমামবাড়ায় জড়ো হয়। হাতে আলাম নিয়ে তারা মিছিলের জন্য অপেক্ষাও করে। এরপর  ইমামবাড়া চত্বরে আশুরার আনুষ্ঠানিকতা পালন করে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে তেমন কঠোরতা ছিলনা।

হোসেনি দালানের ইমামবাড়া কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত পরিসরে কিছু আয়োজন হয়েছে ইমামবাড়ার ভেতরে। রোববার সকাল ১০টায় সীমিত পরিসরে তাজিয়া মিছিল ইমামবাড়া চত্তর প্রদক্ষিণ করেছে। এ ছাড়া সেখানে মহররমের মজলিসও অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পালিত হয় শোকের অনুষ্ঠান শামে গরিবা।

ওদিকে, ঢাকার বাইরেও সীমিত আকারে আশুরার আনুষ্ঠানাদি পালিত হয়েছে। এ প্রসংগে সাতক্ষিরা থেকে হোসাইনিয়া ইমামবাড়ার সভাপতি মাওলানা শেখ মোস্তাক আলী রেডিও তেহরানকে জানান, তারা সংক্ষিপ্ত আকারে তাজিয়া মিছিল, মর্সিয়া ও মজলিস আয়োজন করেছে এবং সন্ধ্যায় শামে গারিবা পালনের মাধ্যমে শোকের পর্ব  শেষ করবে।

আশুরা পালনের বিষয়ে ইসলামি ঐক্য আন্দোলন-এর নায়েবে আমীর ও ভোলা জেলার স্থানীয় দৈনিক আজকের ভোলা’র সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন রেডিও তেহরানকে জানান, এবার করোনার কারণে তেমন ব্যাপক কিছু বড় আয়োজন করা যায় নি।  তবে শুক্রবার জুম্মার নামাজের পরে কারবালার শহীদদের জন্য দোয়া করা হয়েছে।

উল্লেখ্য, হিজরি ৬১ সনের (৬৮০ খ্রিস্টাব্দ) ১০ মহররম ইরাকের কুফা নগরের অদূরে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে সঙ্গী-সাথিসহ নির্মমভাবে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.)। অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইমাম হুসাইন-এর আত্মত্যাগের এই ঘটনা ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার  শোক ও স্মৃতিকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল ও কোরানখানি।

পবিত্র আশুরা উপলক্ষে আজ সারা দেশে সরকারি ছুটি পালিত হয়েছে।  এ উপলক্ষে বিভিন্ন দৈনিক পত্রিকা বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে । বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/৩০