ছুটিতে আসা সব সৌদি প্রবাসী তাদের কর্মস্থলে ফিরতে পারবেন: ড. আবদুল মোমেন
https://parstoday.ir/bn/news/bangladesh-i83344-ছুটিতে_আসা_সব_সৌদি_প্রবাসী_তাদের_কর্মস্থলে_ফিরতে_পারবেন_ড._আবদুল_মোমেন
সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে করোনাজনিত জটিলতায় আটকেপড়া প্রবাসীরা খুব শিগগিরই দেশটিতে ফিরতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২০ ১৩:৫১ Asia/Dhaka
  • ড. এ কে আবদুল মোমেন
    ড. এ কে আবদুল মোমেন

সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে করোনাজনিত জটিলতায় আটকেপড়া প্রবাসীরা খুব শিগগিরই দেশটিতে ফিরতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ছুটিতে আসা সব সৌদি প্রবাসী তাদের কর্মস্থলে ফিরতে পারবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের ইকামা আছে, সৌদিতে চাকরি আছে, কিন্তু দেশে এসেছিলেন, তারা সবাই ফেরত যেতে পারবেন। ভিসা নিয়ে কোনো জটিলতা হবে না। এর জন্য আমরা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। কারও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ইকামা থাকলে তাদের আবার ভিসা দেওয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গতকাল জানিয়েছেন, পহেলা অক্টোবর থেকেই আটকে থাকা প্রবাসীরা সৌদি আরব ফিরতে পারবেন।

সৌদি আরবে কর্মরত প্রবাসীরা করোনাভাইরাসের কারণে এবং ছুটি কাটাতে দেশে ফেরার পর বিমান চলাচল বন্ধ হওয়ায় তারা আটকা পড়ে।তাদের অনেকেরই ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে যাবে। এর মধ্যে ফিরতে না পারলে আর বৈধভাবে তাদের সৌদি আরবে যাওয়ার উপায় থাকবে না। এর মধ্যে তারা বিমান বাংলাদেশ ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের অফিসে বিক্ষোভ করেছেন। পরে প্রবাসীকল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও তারা বিক্ষোভ করেন।

এর মধ্যে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, যেসব সৌদি প্রবাসী আটকা পড়েছেন, তাদের কাজের বৈধ অনুমতি তথা ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ানো হয়েছে। পরে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে ঢাকায় সৌদি দূতাবাসের কার্যক্রম শুরু হবে। সেখানে প্রবাসীদের ভিসা সমস্যার সমাধান করা হবে। তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫