ফেসবুক লাইভে ক্রিকেটার সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন আটক
-
র্যাবের হাতে আটক মহসিন তালুকদার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে (২৫) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ (মঙ্গলবার) সুনামগঞ্জ থেকে তাকে আটক করা হয়।
গত রোববার দিনগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভে দা উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার। সাকিব ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন, এমন দাবি করে হুমকি দেওয়া হয় তাকে। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি। ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন।
এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও লাইভ ভিডিওতে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সাকিব আল হাসানকে গালিগালাজ করে পাকিস্তানের ক্রিকেটারদের অনুসরণ করার পরামর্শ দিয়ে ওই যুবক বলেন, ‘সবাই হুনিয়া রাখইন আমি মহসিন তালুকদার খইরাম। সাকিবরে ফাইলে আমি কুফাইয়া কাটিমু।’
এ নিয়ে সোমবার রাতে উপপরিদর্শক মাহবুব মোর্শেদ বাদী হয়ে হুমকিদাতা মহসিন তালুকদারকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে।
এদিকে, কোলকাতার ঘটনা নিয়ে সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি পূজা উদ্বোধন করতে যাননি কিংবা করেননি। নিজের ইউটিউব চ্যানেলে গতকাল সোমবার সন্ধ্যায় সাকিব বলেন, ‘সব জায়গায় এসেছে আমি পূজা উদ্বোধন করতে গিয়েছি। কিন্তু আসলে আমি পূজা উদ্বোধন করতে যাইনি, করিওনি। এটির প্রমাণ আপনারাও পাবেন। ওখানে অনেক সাংবাদিক ভাই ছিলেন, যাদের ওখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ ছাড়া কার্ডে লেখাও আছে কে আসলে পূজা উদ্বোধন করেছেন এবং সেটি উদ্বোধন হয়েছে আমি যাওয়ার আগেই। যে জায়গাটিতে আমাদের অনুষ্ঠানটি হয়েছে, সেটি পূজামণ্ডপ ছিল না। সেখানে একটি স্টেজ ছিল। পুরো অনুষ্ঠানটি সেখানে করা হয়। প্রায় ৪০-৪৫ মিনিট আমি সেখানে ছিলাম। সেখানে ধর্ম-বর্ণ নিয়ে কোনো কথা হয়নি। সেই অনুষ্ঠানের মঞ্চের পাশেই পূজামণ্ডপ ছিল। গাড়িতে আমার ওঠতে হবে, অনেকগুলো রাস্তা বন্ধ ছিল। তাই পূজামণ্ডপ পার হয়েই আমার যেতে হতো। যাওয়ার সময় পরেশ দা; যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাঁর অনুরোধে আমি প্রদীপ প্রজ্বালন করি। যেহেতু আমি কলকাতায় অনেকদিন খেলেছি, কলকাতার মানুষ আমাকে অনেক পছন্দ করেন। তাই সবার অনুরোধে সেখানে ছবি তুলতে দাঁড়াতে হয়। ছবি তুলে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাকবিতণ্ডা হয়, হাতাহাতিও হয় কিছুটা। সেই ঘটনার কারণে আসলে আমরা ওদিক দিয়ে আর যেতে পারিনি। পরে অন্য রাস্তা দিয়ে গিয়েছি। পুরো ঘটনাটি ছিল এ রকম। হ্যাঁ, যেটা হয়েছে, দুই মিনিটের মতো সময় আমি পূজামণ্ডপে ছিলাম। সেটি নিয়ে সবাই বলেছে। তারা ধারণা করছেন, আমি পূজার উদ্বোধন করেছি। যেটি আমি কখনই করিনি। একজন সচেতন মুসলমান হিসেবে করব না। তার পরও হয়তো সেখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী। সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ভবিষ্যতে যেন এমন কিছু না হয় সেটি আমি খেয়াল রাখব।’
আর ভক্তের ফোন ভাঙার খবর নিয়ে সাকিব বলেন, ‘আমি কখনোই বুঝতে পারি না, আমি অন্য একজনের ফোন ভাঙলে তাতে আমার কী উপকার হবে? যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে, তার ফোনটি আমি কখনই ইচ্ছাকৃতভাবে ভাঙিনি। যেহেতু করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছিলাম, যেভাবে নিজেকে নিরাপদ রেখে চলা যায় সেই চেষ্টাই করছিলাম। আর সেখানে যেহেতু অনেক মানুষ ছিল। অনেক ভিড় ছিল, সবাই চেষ্টা করছিল ছবি তুলতে। আমিও চেষ্টা করেছিলাম, তাদের কাছে না গিয়ে কীভাবে আমার কাজগুলো সম্পন্ন করব ইমিগ্রেশনের। এ সময় একজন উৎসুক জনতা আমার গায়ের ওপর দিয়ে এসে ছবি তুলতে যায়। আমি তাকে সরিয়ে দিতে গেলে তার হাতের সাথে আমার হাত লেগে মোবাইলটি পড়ে যায়। হয়তো পরে ভেঙেও গেছে। তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমার মনে হয়, তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। বিশেষ করে করোনার সময় মনে হয় সবারই সতর্কতা মেনে চলা উচিত। যত দিন এই করোনার প্রভাবটা থাকে।’#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।