'দুর্বল নেতৃত্ব ও অস্বচ্ছ রাজনীতিই বিএনপিকে ভোটের রাজনীতি থেকে পিছিয়ে দিচ্ছে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i86082-'দুর্বল_নেতৃত্ব_ও_অস্বচ্ছ_রাজনীতিই_বিএনপিকে_ভোটের_রাজনীতি_থেকে_পিছিয়ে_দিচ্ছে'
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করায় পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভরাডুবি হয়েছে।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ১৭, ২০২১ ১৪:০৩ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করায় পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভরাডুবি হয়েছে।  

আজ (রোববার) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি নেতারা) জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের সমালোচনা ও মিথ্যাচারকেই ব্রত হিসেবে বেছে নিয়েছে, যা প্রকারান্তরে তাদের রাজনৈতিক অস্তিত্বকে দুর্বল করে তুলছে। নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতিই তাদের দিন দিন ভোটের রাজনীতি থেকে পিছিয়ে দিচ্ছে।’

বিজয়ী সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'এ বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে এগিয়ে যাওয়া উন্নয়ন, অগ্রযাত্রা এবং সমৃদ্ধির বিজয়। এ বিজয়কে গণতন্ত্রের অভিযাত্রাকে আরো এক ধাপ এগিয়ে নেয়ার বিজয়। ব্যাপক ভোটার উপস্থিতি শেখ হাসিনা সরকার ও নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের অব্যাহত আস্থারই বহিঃপ্রকাশ।'

পৌর নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন, তাদের ভবিষ্যতেও দলের কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'পরবর্তী ধাপের নির্বাচনে যারা দলের সিদ্ধান্ত মানবে না এবং শৃঙ্খলাবিরোধী কাজ করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তারা জয়ী হোক কিংবা পরাজিত হোক। পরবর্তী নির্বাচনে আর মনোনয়ন পাবেন না, এটাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সিদ্ধান্ত।'

সিরাজগঞ্জে সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, 'দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠানে আইন প্রয়োগকারী সংস্থা দায়িত্ব পালন করেছেন। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।' একই সাথে আইন প্রয়োগকারী সংস্থাকে ভবিষ্যতে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিএনপি নেতারা বলেছেন ভোটকেন্দ্র নাকি সরকারি দলের দখলে ছিল, এ অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, ‘তাহলে তাদের ৪ জন প্রার্থী কীভাবে বিজয়ী হলেন? বিএনপি নেতারা মাঠে না গিয়ে ঘরে বসে শীত উদযাপন করে। কর্মীরা ভোট দিতে চাইলেও মাঝদুপুরে ভোট বর্জনের সংস্কৃতি তাদের তাড়া করে।’

৬০টি পৌরসভার মধ্যে ২৯ টিতে ইভিএম এবং ৩১ টিতে ব্যালটে ভোট হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ইভিএমে জনগণ স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করেছে। তাদের মধ্যে ছিল না কোনো জড়তা।’ ইভিএমে ভোট প্রদানে জনগণের আগ্রহ এখন অনেক বেড়েছে বলেও জানান তিনি।

গতকাল দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়, এতে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয়ী সবাইকে আন্তরিক অভিনন্দন জানান।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।