বাংলাদেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, টিকা আসবে ২৬ জানুয়ারির মধ্যে
আজ সোমবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বাংলাদেশে মারা গেছেন ১৬ জন। এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত বেড়েছে। এ সময় ১২ হাজার ৭০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ।
উল্লেখ্য, আজ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ৭ হাজার ৯২২ জন। আর দেশে করোনাভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন। করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন।
২৬ জানুয়ারীর মধ্যে আসবে ভারতের টিকা
এদিকে, চলতি মাসের ২৬ তারিখের মধ্যে ভারত থেকে করোনাভাইরাসের টিকা আসছে বাংলাদেশে। আর এ টিকা দিতে রাজধানী ঢাকায় ৩০০টি কেন্দ্র ব্যবহার করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ রাজধানীর রিপোটার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন।
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদন করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আনার জন্য বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ও সেরামের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে।
এ প্রসংগে জাহিদ মালেক আজ জানিয়েছেন, ২৬ জানুয়ারির মধ্যে সেরামের তৈরি অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার প্রথম চালান আসবে। এ টিকা ১৮ বছরের নিচের কাউকে দেওয়া হবে না।
টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, সব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এ কথা সব ওষুধের গায়েই লেখা থাকে। টিকা দেওয়ার পর কোনো সমস্যা হলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে জন্যই হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারকে বেছে নেওয়া হয়েছে টিকাদানের কেন্দ্র হিসেবে। টিকার দামের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ৪ ডলার দরে টিকা কিনছে। আর পরিবহন খরচ ধরা হয়েছে এক ডলার।
ওদিকে, ফাইজার–বায়োএনটেকের তৈরি টিকা বাংলাদেশ নিতে চায় কি না, তা জানানোর শেষ দিন ছিল আজ। বাংলাদেশ এ বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছে কি না, এ প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে আগ্রহী জানিয়ে চিঠি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবর দিয়েছি।’#
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।