একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: রাষ্ট্রপতি আব্দুল হামিদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i86116-একটি_উন্নত_ও_সমৃদ্ধ_বাংলাদেশ_গড়তে_সরকার_কাজ_করছে_রাষ্ট্রপতি_আব্দুল_হামিদ
ইংরেজী নতুন বছরের শুরুতে জাতীয় সংসদের একাদশ অধিবেশনের প্রথম কার্যদিবসে ভাষণ প্রদানকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ গণতন্ত্রের ধারাবাহিকতা, আইনের শাসন ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি শ্রেণি ও পেশা নির্বিশেষে সবার মধ্যে একতা তৈরির জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৮, ২০২১ ১৭:৩২ Asia/Dhaka
  • রাষ্ট্রপতি আবদুল হামিদ
    রাষ্ট্রপতি আবদুল হামিদ

ইংরেজী নতুন বছরের শুরুতে জাতীয় সংসদের একাদশ অধিবেশনের প্রথম কার্যদিবসে ভাষণ প্রদানকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ গণতন্ত্রের ধারাবাহিকতা, আইনের শাসন ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি শ্রেণি ও পেশা নির্বিশেষে সবার মধ্যে একতা তৈরির জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, 'ক্ষমতাসীন দলের পাশাপাশি বিরোধীদলগুলোকেও স্বচ্ছতা, জবাবদিহি, সহনশীলতা, মানবাধিকার এবং আইনের শাসন জোরদার করতে গঠনমূলক ভূমিকা নিতে হবে।' এক্ষেত্রে ক্ষমতাসীন এবং বিরোধীদলগুলোকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আবদুল হামিদ বলেন, 'দেশ ও জাতির অগ্রগতি ত্বরান্বিত করতে শত প্রতিকূলতা সত্ত্বেও সুশাসন, গণতন্ত্র এবং উন্নয়নমূলক কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার।'

তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রেখে দেশ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূলে সকলকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসুন, আমরা সকল বিভেদ ভুলে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে শোষণমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে লাখ লাখ শহীদের রক্তের ঋণ পরিশোধ করি।'

রাষ্ট্রপতি এ সময় অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্য, কৃষি, বিদ্যুৎ, বৈদেশিক সম্পর্ক, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, পল্লী উন্নয়ন, প্রবাসী কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, আইসিটি এবং জনপ্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের কৃতিত্বের কথা তুলে ধরেন।

তিনি বলেন, 'আমরা আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে। আমাদের শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে। এ বছর আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করব। তবে আমাদের লক্ষ্য ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হওয়া।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের পূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হবে বলেও দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন আবদুল হামিদ।

সরকারি কর্মচারীদের জন্য ডোপ টেস্ট প্রবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, 'মাদকের অপব্যবহার, জঙ্গিবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির প্রশংসা বিশ্বজুড়ে হয়েছে।'

রাষ্ট্রপতি বলেন, 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গৃহীত সব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে, এই প্রচেষ্টা বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মের জন্য বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে ইতিবাচক একটি ভূমিকা পালন করবে।'

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতত্বে  আনুষ্ঠিত  অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।