শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় দুই মামলা, গ্রেফতার ২২
https://parstoday.ir/bn/news/bangladesh-i88878-শাল্লায়_হিন্দু_ধর্মাবলম্বীদের_বাড়িতে_হামলার_ঘটনায়_দুই_মামলা_গ্রেফতার_২২
বাংলাদেশের সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ২২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ১৯, ২০২১ ১১:৩৯ Asia/Dhaka
  • শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় দুই মামলা, গ্রেফতার ২২

বাংলাদেশের সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ২২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়।

ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে বুধবার সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দির ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতে শাল্লা থানা পুলিশের এসআই আব্দুল করিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকশ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। এছাড়া, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বাদী হয়ে ৮০ জনের নামে পৃথক একটি মামলা দায়ের করেন। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকালে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে ৫টি মন্দির ও ৮৮টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আসবাবপত্র তছনছ করে হেফাজতে ইসলামের অনুসারীরা। খবর পেয়ে শাল্লা থানা পুলিশসহ ও দিরাই থেকে বিপুলসংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত সোমবার দিরাই উপজেলায় হেফাজতে ইসলাম আয়োজিত সম্মেলনে যান হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। সম্মেলনে মামুনুল হকের দেওয়া বক্তব্যের সমালোচনা করে স্থানীয় এক হিন্দু যুবক ফেসবুকে একটি পোস্ট দেন বলে পুলিশ জানায়।

নিন্দা প্রকাশ

শাল্লা উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

পৃথক বিবৃতিতে তারা বলেন, ককক্সবাজারের রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বী, ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা এবং লালমনিরহাটে ধর্মের নামে হত্যার বিচার না হওয়ায় সাম্প্রদায়িক শক্তি একের পর এক অপকর্ম করে যাচ্ছে। এই অপশক্তিকে তোষণ নয়, কঠোর হাতে দমন করতে হবে। হেফাজতে ইসলামসহ সাম্প্রদায়িক রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির আগ মুহূর্তে হিন্দু ধর্মাবলম্বীদের গ্রামে আক্রমণ প্রমাণ করে শাসকশ্রেণি অসাম্প্রদায়িক রাষ্ট্র কায়েম থেকে অনেক পিছিয়ে আছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বলেছে, সুনামগঞ্জে প্রশাসনের নীরবতা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশের অবনতি ঘটাবে এবং ধর্মের রাজনৈতিক ব্যবহারকেই প্রশ্রয় দেওয়া হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বলেন, ক্ষমতায় টিকে থাকতে সাম্প্রদায়িক শক্তিকে তোষণের যে নীতি বর্তমান সরকার নিয়েছে, তারই ফলে চিহ্নিত সাম্প্রদায়িক শক্তি বেপরোয়া হয়েছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান অভিযোগ করেছেন, এই মৌলবাদী হেফাজতকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কথিত মুক্তিযুদ্ধের চেতনার ধারক বর্তমান সরকার।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, পুলিশ নিষ্ক্রিয় থেকে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে এমন নৃশংস হামলা-আক্রমণের সুযোগ করে দিয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।