শাল্লায় হিন্দু বাড়িতে হামলা ও লুটপাট: যুবলীগ নেতা স্বাধীন মেম্বার গ্রেফতার
https://parstoday.ir/bn/news/bangladesh-i88914-শাল্লায়_হিন্দু_বাড়িতে_হামলা_ও_লুটপাট_যুবলীগ_নেতা_স্বাধীন_মেম্বার_গ্রেফতার
বাংলাদেশের সুনামগঞ্জ জেলার শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ইউপি মেম্বার ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২০, ২০২১ ০৯:২০ Asia/Dhaka
  • ইউপি মেম্বার ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীন
    ইউপি মেম্বার ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীন

বাংলাদেশের সুনামগঞ্জ জেলার শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ইউপি মেম্বার ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ (শনিবার) ভোরে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. খালেদ উজ জামান।

তিনি জানান, নোয়াগাঁও গ্রামে হামলায় মূল আসামি শহীদুল ইসলাম স্বাধীনকে পিবিআই কুলাউড়া থেকে গ্রেফতার করেছে, তাকে সিলেটে নিয়ে আসা হচ্ছে।

গত বুধবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৮৭টি সংখ্যালঘু বাড়িতে হামলা এবং লুটপাট করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয় দিরাইয়ের তাড়ল ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে।

শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লার পার্শ্ববর্তী দিরাই উপজেলার নাচনি গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।

সনাতন ধর্মালম্বীদের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বাধীন মিয়াকে প্রধান আসামি করে মামলায় প্রায় দেড় হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শাল্লায় হিন্দু বাড়িতে হামলা

এর আগে, ‘শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে বলেন, সুনামগঞ্জের শাল্লায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার আমরা নিন্দা জানাচ্ছি। সেইসাথে আমরা ক্ষতিগ্রস্ত নিরীহ হিন্দু পরিবারদের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং সরকারের কাছে এহেন নিন্দনীয় হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বিবৃতিতে বলা হয়, অতীতে হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়ে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটলে হেফাজতে ইসলাম সেটার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আমরা সবাইকে স্পষ্ট জানাতে চাই যে, ভিন্ন ধর্মাবলম্বীর উপাসনালয় ও বাড়িঘরে কোনো ধরনের হামলাকে হেফাজত সমর্থন করে না।  

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।