এসএসসি-সমমানে পাসের হার ৮৮.২৯%, ফেল করা যাবে না- প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i9001-এসএসসি_সমমানে_পাসের_হার_৮৮.২৯_ফেল_করা_যাবে_না_প্রধানমন্ত্রী
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল ও এসএসসি ভোকেশনাল (কারিগরি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ১১, ২০১৬ ০৮:২১ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী
    প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল ও এসএসসি ভোকেশনাল (কারিগরি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।

আজ (বুধবার) সকাল সোয়া ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। সেখানে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রকাশিত ফল অনুযায়ী-এসএসসি ও সমমানে গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে ১ দশমিক ২৫ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮৭ দশমিক শূন্য ৪ শতাংশ। তবে গত বছরের চেয়ে এবার মোট জিপিএ-৫ কমেছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসিতে পাসের হার ৮৮ দশমিক ৭০ শতাংশ। গতবার এই হার ছিল ৮৬ দশমিক ৭২ শতাংশ। এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৬ হাজার ৭৬৯ জন। গতবারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৯৩ হাজার ৬৩১ জন।

এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ২৮৪ জন। পাস করেছে ১১ লাখ ৫৩ হাজার ৩৬৩ জন।মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় এবার পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮৯৫ জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭০৯০ জন।

ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেছেন, শিক্ষায় সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখন কোনোভাবেই পরীক্ষায় ফেল করা যাবে না, ভালো ফলাফল করতে হবে। আর একটু মনোযোগ দিয়ে পড়লেই পরীক্ষায় ভালো করা সম্ভব।

উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের একটু ভালো সুযোগ দিলেই তারা ভালো করবে; আমরা তাদের সব রকম সহযোগিতা দিয়ে যাচ্ছি। সুতরাং কারো খারাপ ফলাফল করার কোনো সুযোগ নেই।

যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ফেল করার কোনো অর্থ হয় না। ফেল করা যাবে না। মনে রাখতে হবে একটু ভালোভাবে পড়লেই পাস করা সম্ভব। এছাড়া আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার প্রতি জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয় গত ১৪ মার্চ।#

আশরাফুর রহমান/১১