বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি: এক নম্বর সতর্কতা জারি
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আজ শনিবার বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
ইতোমধ্যে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে ২৩ মের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশ-ভারতের দিকে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়ের নাম যশ (Yass)। এর নামকরণ করেছে ওমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান আজ দুপুরে জানিয়েছেন, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির আভাস দেওয়া হচ্ছে, সেটি যদি ঘূর্ণিঝড় ‘যশ’-এ রূপান্তর হয়, তবে তা এক পর্যায়ে শক্তিশালী ‘সুপার সাইক্লোনে’ পরিণত হতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পুরো উপকূলকে সতর্ক থাকতে হবে।
ওদিকে, ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামীকাল রোববার এটি আরও শক্তি সঞ্চয় করবে। আগামী সোমবার নিম্নচাপ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামী বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। আলীপুর আবহাওয়া দপ্তর আজ জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘যশ’কোথায় আছড়ে পড়বে, এখনো অস্পষ্ট। তবে পশ্চিমবঙ্গেই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার আশঙ্কা বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৬ মে সন্ধ্যার দিকে ‘যশ’ পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর ওডিশা এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।