বাংলাদেশে করোনা পরিস্থিতি: একদিনে কমেছে মৃত্যু; বাড়ছে শনাক্তের হার
https://parstoday.ir/bn/news/bangladesh-i94534-বাংলাদেশে_করোনা_পরিস্থিতি_একদিনে_কমেছে_মৃত্যু_বাড়ছে_শনাক্তের_হার
বাংলাদেশে করোনা সংক্রমণে সর্বশেষ  ২৪ ঘণ্টায় ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৮৪২ জন। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনে।এর আগে সোমবার (১২ জুলাই) ২২০ জনের মৃত্যু হয়। রোববার (১১ জুলাই) মারা যান রেকর্ড ২৩০ জন। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুলাই ১৩, ২০২১ ১৩:৪৯ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনা পরিস্থিতি: একদিনে কমেছে মৃত্যু; বাড়ছে শনাক্তের হার

বাংলাদেশে করোনা সংক্রমণে সর্বশেষ  ২৪ ঘণ্টায় ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৮৪২ জন। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনে।এর আগে সোমবার (১২ জুলাই) ২২০ জনের মৃত্যু হয়। রোববার (১১ জুলাই) মারা যান রেকর্ড ২৩০ জন। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৬৩১ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয় ৪১ হাজার ৭৫৫ জন। যেখানে শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক ৮৪ শতাংশ। 

বর্তমানে আক্রান্ত রোগীর প্রতি ১০০ জনের ৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। অথচ এপ্রিল মাসে দ্বিতীয় ঢেউয়ের সময় হাসপাতালে রোগী ভর্তির হার ছিল ৫ শতাংশ।

সংক্রমণের ঊর্ধ্বগতির সূচক ১ এর বেশি হওয়ায় এবং দৈনিক শনাক্তের হার ক্রমাগত বেড়ে যাওয়ায় আগামী দিনগুলোতে শনাক্ত এবং মৃত্যুহার আরও বেড়ে যাওয়ার আশংকা করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাকশন (সিআরআইডিএ)

আজ মঙ্গলবার (১৩ জুলাই) প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার রোজেন গণমাধ্যমকে বলছেন , সংক্রমণের মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর। তবে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব।

ডা. শাহরিয়ার রোজেন বলেন, লকডাউন একটি স্বল্পমেয়াদি সমাধান। আর মহামারি নিয়ন্ত্রণের কার্যকরী সমাধান হলো টিকা। পাশাপাশি আগামী ঈদে মানুষের অনিয়ন্ত্রিত জনসমাগম ঊর্ধ্বমুখী সংক্রমণের গতিতে নতুন মাত্রা সংযোজন করতে পারে।

সিআরআইডিএ-‘র বিশ্লেষণে বলা হয়েছে, গত ১৫ দিনে বাংলাদেশে দৈনিক শনাক্তের হার বেড়েছে প্রায় ২ গুণেরও বেশি। গত ২৬ জুন দেশে দৈনিক শনাক্তের হার ছিল ১৫.৭ শতাংশ, ১২ জুলাই সেটি গিয়ে দাঁড়িয়েছে ৩১.২৪ শতাংশে, যা অত্যন্ত আশঙ্কাজনক। ১৩ জুন থেকে সংক্রমণের ঊর্ধ্বগতির সূচক (রিপ্রোডাকশন রেট) এদেশে ১.৩ এর বেশি- অর্থাৎ গত এক মাস ধরে সংক্রমণ প্রতি ১০০০ জন থেকে ১৩০০ জনে ছড়িয়ে পড়েছে।

তবে,  বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ টেস্ট না করার কারণে দৈনিক শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দিয়ে সংক্রমণের প্রকৃত চিত্রটি বোঝা যায় না।#

 

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।