আজকেও বাংলাদেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড: এক দিনে রোগী শনাক্ত ১৩,৩২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ২৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন।
গত ৭ জুলাই দেশে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় মৃত্যু ২০০ ছাড়িয়ে যায়। সেদিন ২০১ জনের মৃত্যুর তথ্য দেয় সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। তার পর থেকেই প্রতিদিন রেকর্ড মৃত্যু হতে থাকে। শনাক্তেও রেকর্ড হতে থাকে। গত ১১ জুলাই দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু হয়েছিল। এটাই ছিল এর আগে সর্বোচ্চ রেকর্ড
আজ (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৪৫১ জনের নমুনা সংগ্রহ করা হলেও ৪৫ হাজার ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক ৩০ শতাংশ। করোনায় ২৪ ঘণ্টায় মৃত ২৩১ জনের মধ্যে পুরুষ ১৩৬ জন ও মহিলা ৯৫ জন। যাদের মধ্যে বাসায় ১৮ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন।
একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে ১৭ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন মারা গেছেন।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।