সরকার আমলানির্ভর নয়, জনস্বার্থনির্ভর-কাদের; সরকার ভেন্টিলেশনে রয়েছে-গয়েশ্বর রায়
সরকার আমলানির্ভর নয়, জনস্বার্থনির্ভর- এমন মন্তব্য করেছেন, ক্ষমাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ১৫ আগস্টের শোক দিবসের আলোচনায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
সরকার আমলানির্ভর হয়ে পড়েছে-সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমি বলতে চাই, আমাদের সব কিছুই এখনও এক জায়গায় আছে। সরকার-রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয়, আমলারা বাস্তবায়ন করেন। এ সরকার আমলানির্ভর নয়, গণমুখী ও জনস্বার্থনির্ভর।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগস্ট মাস এলেই বাংলার বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাই। ভোরের আকাশে লাল রক্ত দেখা দেয়। পৃথিবীর ইতিহাসে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল অতুলনীয়। এটিই সবচেয়ে বর্বর, নির্মম হত্যাকাণ্ড। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, ১৫ আগস্টের ষড়যন্ত্র একদিনে হয়নি। এখনও নানা গন্ধ পাই। আজকে যে স্বেচ্ছাসেবক লীগ, সেদিনও ছিল। কিন্তু তাদের কোনো ভূমিকা দেখিনি। তবে আজকের স্বেচ্ছাসেবক লীগের একটি কর্মীও থাকতে কোনো ষড়যন্ত্র সফল হবে না বিশ্বাস করি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ১৫ আগস্ট ছিল ষড়যন্ত্রের নীলনকশা। এই কাণ্ডের মূল কারিগর ছিলেন জিয়াউর রহমান। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে সংগঠনটির সহসভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
সরকার এখন ভেন্টিলেশনে রয়েছে, ভেন্টিলেশন খুলে দিলেই সরকার পড়ে যাবে: গয়েশ্বর চন্দ্র
ওদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার বহু আগে থেকেই করোনায় আক্রান্ত; সরকার এখন ভেন্টিলেশনে রয়েছে, এই ভেন্টিলেশন খুলে দিলেই তারা পড়ে যাবে। ওরা আতঙ্কে রয়েছে। বুধবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন ও সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।