বিএনপি নেতারা ভালো নেই: সেতুমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i97696-বিএনপি_নেতারা_ভালো_নেই_সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ ভালো আছে বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভালো নেই। এ জন্যই বিএনপি মহাসচিব কাল্পনিক অভিযোগ করে বলছেন দেশের মানুষ ভালো নেই। আসলে দেশের মানুষ করোনার অভিঘাত মোকাবিলা করে ভালো আছে বলেই বিএনপি নেতাদের কষ্ট হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২১ ১২:৪৩ Asia/Dhaka
  •  বিএনপি নেতারা ভালো নেই: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ ভালো আছে বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভালো নেই। এ জন্যই বিএনপি মহাসচিব কাল্পনিক অভিযোগ করে বলছেন দেশের মানুষ ভালো নেই। আসলে দেশের মানুষ করোনার অভিঘাত মোকাবিলা করে ভালো আছে বলেই বিএনপি নেতাদের কষ্ট হচ্ছে।

দেশের মানুষ ভালো নেই’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যর জবাবে আজ বুধবার সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতার মোহে অন্ধ, মিথ্যাচার আর বিষোদগারকে যারা রোজনামচায় পরিণত করেছে। তারা মানুষের ভালো থাকা পছন্দ করবে না এটাই স্বাভাবিক। নেতিবাচক রাজনীতি মানসিকতার কারণে বিএনপিই নিজেদের ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

করোনার অভিঘাত মোকাবিলা করে জীবন এখন স্বাভাবিক ছন্দে ফিরে আসতে শুরু করেছে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, অন্যদিকে বিএনপি গৃহকোণে বসে নসিহত করছে। তাদের এমন আচরণ এক দিকে মানুষের এগিয়ে চলার উদ্যমকে ক্ষতিগ্রস্ত করে অপর দিকে নিজেদের হতাশাকে জাতির সামনে স্পষ্ট করছে। সরকারকে ক্ষমতা থেকে সরানোর ভাঙ্গা রেকর্ড জনগণ গত তেরো বছর শুনে আসছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঘরে বসে বিএনপি কৃষক, শ্রমিক আর সাংবাদিকদের জন্য মায়াকান্না দেখায়।

কৃষক নাকি উৎপাদিত পণ্যের মূল্য পায় না। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে কৃষি ও কৃষকের উন্নয়নে বঙ্গবন্ধু যা করেছেন সে ধারাবাহিকতা বজায় রেখেছেন। কৃষি বান্ধব সরকার হিসেবে শেখ হাসিনা উৎপাদন, পণ্যমূল্য, পণ্য বাজারজাতকরণ,উপকরণ সরবরাহ এবং ঋণ ও প্রণোদনা প্রদানের মাধ্যমে দেশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।

বিএনপির শাসনামলে উৎপাদনের জন্য সার চেয়ে পায়নি কৃষকরা, বরং কৃষকদের বুকে গুলি চালিয়েছিল বিএনপি। এ সব স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, কৃষকরা পায়নি প্রয়োজনীয় সাপোর্ট, ভর্তুকি, অথচ আজ বিএনপি নেতারা কৃষকদের জন্য মেকি দরদ দেখাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।