ইরনাকে হামাস নেতা খলিল আল-হাইয়া
‘বিশ্বকে ইসরাইলি ক্যান্সারের টিউমার উপড়ে ফেলতে হবে’
-
খলিল আল-হাইয়া
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের উপপ্রধান খলিল আল-হাইয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল বিভ্রান্তির মধ্যে রয়েছে যে, তারা ইসমাইল হানিয়াকে শহীদ করার পর হামাসের পথ পরিবর্তন করতে পারবে কিংবা হামাসকে দুর্বল করতে পারে অথবা ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রচেষ্টাকে কমিয়ে দিতে পারবে।
তেহরান বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে শহীদ হানিয়ার নামাজে জানাজার আগে বার্তা সংস্থা ইরনার রিপোর্টারকে খলিল আল-হাইয়া এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বের উচিত ইহুদিবাদী ইসরাইলকে ধ্বংস করা যারা একটি ক্যান্সারের টিউমারে পরিণত হয়েছে।
“ইহুদিবাদী ইসরাইল গোটা বিশ্বের কাছে প্রমাণ করেছে যে, তারা এই অঞ্চলে অশুভ ও অশান্তির প্রতীক এবং সমগ্র বিশ্বের উচিত এই ক্যান্সারকে উপড়ে ফেলার চেষ্টা করা। আমরা হানিয়াকে বিদায় জানাই, তিনি একজন শহীদ এবং মহান নেতা যিনি ইসরাইলি শাসনের বিরুদ্ধে আল-আকসা স্টর্ম অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন।
আল-হাইয়া বলেন, "চলমান গণহত্যার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল সারা বিশ্বকে দেখিয়েছে যে, তারা কতটা নিষ্ঠুর এবং খারাপ।"
হামাসের এ নেতা জোর দিয়ে বলেন, “ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যার মধ্যদিয়ে ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি স্বাধীন করার আকাঙ্ক্ষাকে ভেঙে দিতে পারবে না ইসরাইল। বিশ্বাসীরা তারাই যারা আল্লাহর সাথে তাদের চুক্তিতে অটল থাকে। তাদের মধ্যে কেউ কেউ চলে গেছে তবে অন্যরা এখনো অপেক্ষা করছে এবং কখনো তাদের ইচ্ছা পরিবর্তন করবে না।"#
পার্সটুডে/এসআইবি/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`