জাতিসংঘের প্রতি ইরানের আহ্বান
নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করায় ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে
ফিলিস্তিন ও লেবাননের অরক্ষিত জনগণের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে ইরান।
ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয় উচ্চ পরিষদের চেয়ারম্যান কাজেম গরিবাবাদি গতকাল (বুধবার) হেগে অনুষ্ঠিত রাসায়নিক অস্ত্র কনভেনশনের (সিএসপি-২৯) সম্মেলনের ২৯তম অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে এই আহ্বান জানান।
তিনি বলেন, কিছু পশ্চিমা দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরাইল দুর্ভাগ্যবশত দায়মুক্তি ভোগ করে ফিলিস্তিন ও লেবাননে তার অপরাধযজ্ঞ চালিয়েছে।
গরিবাবাদি বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কার্যকর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই জাতিসংঘ সনদের সাত নম্বর অধ্যায়ের অধীনে পদক্ষেপ নিতে হবে এবং বিশ্বের সকল দেশকে তেল আবিবের সঙ্গে অর্থনৈতিক, সামরিক বা অস্ত্র সহযোগিতা থেকে বিরত থাকতে হবে।
দখলদার ইসরাইল চলমান যুদ্ধে লেবানন ও অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে বহুবার নিষিদ্ধ ঘোষিত হোয়াইট ফসফরাস এবং স্বল্প-মাত্রার ইউরেনিয়ামযুক্ত নিষিদ্ধ বোমা ব্যবহার করেছে।
ইরানের এই সিনিয়র কূটনীতিক বলেন, “আমরা ফিলিস্তিন ও লেবাননের নিরীহ জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর রাসায়নিক অস্ত্র, হোয়াইট ফসফরাস এবং স্বল্প-মাত্রার ইউরেনিয়ামসহ অন্যান্য বিপজ্জনক উপাদান ব্যবহারের তীব্র নিন্দা জানাই।”
গত মাসে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছিল, ইহুদিবাদী সেনারা লেবাননের কাফার শুবা এলাকার উপকণ্ঠে ফসফরাস শেল ব্যবহার করে ব্যাপকভাবে গোলাবর্ষণ করেছে। এছাড়া, ২৭ সেপ্টেম্বর দখলদার ইসরাইলি বাহিনী বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করে বৈরুতের দক্ষিণ শহরতলীতে ৮০ টন অস্ত্র নিক্ষেপ করেছিল যাতে স্বল্প-মাত্রার ইউরেনিয়াম ব্যবহৃত হয়। ওই দিনের বোমা হামলায় হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শাহাদাতবরণ করেন।#
পার্সটুডে/এমএমআই/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।