কাতারে ‘আন্তরিক ও ইতিবাচক’ আলোচনা হয়েছে
ইসরাইল নতুন শর্ত না দিলে গাজায় যুদ্ধবিরতি সম্ভব: হামাস
-
হামাসের পতাকা
ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতির আলোচনায় নতুন করে কোনো শর্ত আরোপ না করলে তেল আবিবের সঙ্গে বন্দি বিনিময় সম্ভব বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি কাতারে চলমান যুদ্ধবিরতির আলোচনাকে ‘আন্তরিক ও ইতিবাচক’ বলেও মন্তব্য করেছে।
কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার জন্য একটি ইসরাইলি প্রতিনিধিল দোহায় পৌঁছানোর একদিন পর মঙ্গলবার হামাস এক বিবৃতিতে তাদের এ অবস্থান ঘোষণা করেছে।
এদিকে কাতারে অনুষ্ঠানরত যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে আজ (বুধবার) ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া দোহা যাবেন বলে কোনো কোনো রিপোর্টে বলা হয়েছে।
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি গণহত্যা বন্ধ এবং সেখানে আটক পণবন্দিদের মুক্ত করার লক্ষ্যে গত কয়েক মাস ধরে পর্দার অন্তরালে যে আলোচনা চলছে তাতে কাতারের পাশাপাশি মধ্যস্থতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশর। তবে গত বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত ১৩ মাসে এ সংক্রান্ত আর কোনো আলোচনা সফল হয়নি।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ গত সোমবার বলেছে, গত বছরের নভেম্বর মাসের পর গাজা থেকে পণবন্দিদের মুক্ত করার আলোচনা সফলতার এত কাছাকাছি আর কখনও আসেনি।
একদিন গাজাভিত্তিক হামাসের একজন সিনিয়র নেতাও বলেছিলেন, ‘অতীতের যেকোনো সময়ের তুলনায়’ যুদ্ধবিরতি চুক্তির আলোচনা সফলতার কাছাকাছি রয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অতীতের মতো এবারও আলোচনাকে পণ্ড করে দিতে পারেন।
গত বছরের ৭ অক্টোবরের ঐতিহাসিক আল-আকসা তুফান অভিযান শুরুর দিন ইসরাইল থেকে যে ২৫০ ইহুদিবাদী পণবন্দিকে ধরে আনা হয়েছিল তাদের মধ্যে এখনও ১০০ জনের মতো জীবিত রয়েছে বলে ধারনা করা হয়। #
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।