ফিলিস্তিনের ভাগ্য নির্ধারণের কোনো অধিকার ঔপনিবেশিক শক্তিগুলোর নেই: কালিবাফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সতর্ক করে দিয়ে বলেছেন, আমেরিকা এবং ইসরাইল পশ্চিম এশিয়ার বিরুদ্ধে যড়যন্ত্র করছে। একইসঙ্গে তিনি বলেন, কোনো ঔপনিবেশিক শক্তির ফিলিস্তিনের ভাগ্য নির্ধারণের অধিকার নেই।
গতকাল (বুধবার) আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির ১৫তম পূর্ণাঙ্গ অধিবেশনে কালিবাফ এসব মন্তব্য করেন। তিনি বলেন, "দুর্ভাগ্যবশত, সাম্প্রতিক মাসগুলোতে আমরা দেখেছি যে ইহুদিবাদীরা এবং আমেরিকা লেবানন এবং গাজায় তাদের সামরিক ও কৌশলগত ব্যর্থতার পরেও তারা থেমে থাকেনি এবং তারা এই অঞ্চলে অন্যান্য রাজনৈতিক ষড়যন্ত্র করছে।
কালিবাফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে তার সাম্প্রতিক ভ্রান্ত মন্তব্য ঔপনিবেশিক ও আধিপত্যবাদী নীতির ধারাবাহিকতার আরেকটি নিদর্শন এবং এটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের অধিকারকে উপেক্ষা এবং লঙ্ঘনের একটি উদাহরণ।
কালিবাফ সতর্ক করে দিয়ে বলেন যে ট্রাম্পের এই পরিকল্পনা যাকে তিনি জাতিগত নির্মূল, আধুনিক দখলদারিত্ব এবং বর্ণবাদের এক কুৎসিত রূপ হিসেবে বর্ণনা করেছেন তা এই অঞ্চলে ইতিমধ্যেই ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলবে। এই পরিস্থিতি এ অঞ্চলকে আরও চ্যালেঞ্জ এবং সংকটের দিকে পরিচালিত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইরানের সংসদ স্পিকার আরো বলেন, "ফিলিস্তিনের ভবিষ্যৎ আমেরিকা বা অন্য কোনও ঔপনিবেশিক শক্তি দ্বারা নির্ধারিত হবে না। এর ভাগ্য নির্ধারণের অধিকার কেবল ফিলিস্তিনি জাতির।"
পার্সটুডে/এমবিএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।