গাজা পরিচালনা করার ইসরাইলি প্রস্তাব প্রত্যাখান করল মিশর
https://parstoday.ir/bn/news/event-i147478-গাজা_পরিচালনা_করার_ইসরাইলি_প্রস্তাব_প্রত্যাখান_করল_মিশর
ইহুদিবাদী ইসরাইলের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ হামাসের পরিবর্তে মিশরকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করার যে প্রস্তাব দিয়েছিলেন, তাকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে কায়রো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ০৬:১৫ Asia/Dhaka
  • গাজা পরিচালনা করার ইসরাইলি প্রস্তাব প্রত্যাখান করল মিশর

ইহুদিবাদী ইসরাইলের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ হামাসের পরিবর্তে মিশরকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করার যে প্রস্তাব দিয়েছিলেন, তাকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে কায়রো।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খালাফ বলেছেন, যে ধারনা বা প্রস্তাবে মিশর ও আরব বিশ্বের গাজা বিষয়ক স্থায়ী নীতি-অবস্থান পরিবর্তন করার কথা বলা হয় তা অগ্রহণযোগ্য।

ওই মুখপাত্র উল্টো ইসরাইলকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডগুলো থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান। মিশর একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে আহ্বান জানিয়ে এসেছে, তিনি তার পুনরাবৃত্তি করেন।

খালাপ বলেন, গাজা উপত্যকা, জর্দান নদীর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অংশ এবং এই অংশগুলো নিয়ে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দিতে হবে।

এর আগে মঙ্গলবার ইয়ায়ির লাপিদ ‘গাজা যুদ্ধ শেষ হওয়ার পর’ এই উপত্যকার ভবিষ্যত নিয়ে একটি পরিকল্পনা উত্থাপন করেন। তিনি বলেন, চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে মিশরের উচিত গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করা। এর বিনিময়ে মিশরের বিশাল ঋণ মওকুফ করে দেয়ার প্রস্তাব করে লাপিদ।

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এমন সময় এ প্রস্তাব দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা থেকে এর অধিবাসীদের বিতাড়িত করে সেটি আমেরিকার নিয়ন্ত্রণে নেয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

তিনি বুধবার আরেক ধাপ এগিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে কীভাবে একটি সৈকত রিসোর্টে রূপান্তরিত করতে চান তার একটি ভিডিও প্রকাশ করেছেন। এআই দিয়ে তৈরি করা ভিডিওিটিতে ট্রাম্পকে নেতানিয়াহুর সঙ্গে গাজার সমুদ্র সৈকতে রোদ স্নান করতে দেখা যায়।  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অবশ্য ট্রাম্পের এসব অলীক কল্পনা প্রত্যাখ্যান করে বলেছেন, বৃদ্ধ ট্রাম্পকে গাজা দখলের স্বপ্ন বুকে নিয়ে পরপারে পাড়ি জমাতে হবে।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।