ভারতীয় মিডিয়া ও আ.লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে
https://parstoday.ir/bn/news/event-i156686-ভারতীয়_মিডিয়া_ও_আ.লীগ_প্রতিনিয়ত_অপতথ্য_ছড়াচ্ছে
ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
(last modified 2026-02-02T14:21:39+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২৬ ২০:১৭ Asia/Dhaka
  • প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ (সোমবার ২ ফেব্রুয়ারি) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘পলিসি কনক্লেভ অন মিসইনফরমেশন: চ্যালেঞ্জেস টু গভর্ন্যান্স অ্যান্ড ডেমোক্রেসি’ শীর্ষক নীতিসংলাপে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ভারতের অনেক পত্রিকা রয়েছে, যারা কোনোদিন বাংলাদেশ নিয়ে সঠিক তথ্য দেয়নি। আমরা দেখেছি আনন্দবাজারের মতো পত্রিকাও মিথ্যা তথ্য দিয়েছে; অথচ তারা ভারতে সর্বাধিক পঠিত বাংলা পত্রিকা। ভারত খুব পরিকল্পিতভাবে এই মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন ছড়াচ্ছে।

প্রেস সচিব বলেন, আমরা সবাই ডেমোক্রেসি চাচ্ছি। এর বিরুদ্ধে একটি শক্তিশালী গ্রুপ কাজ করছে। আমাদের চ্যালেঞ্জটা আসছে মিসইনফরমেশন এবং ডিজইনফরমেশন থেকে। ভুয়া তথ্য ছড়ানোর এই চর্চা লোকাল সোর্স এবং আউটসাইড থেকেও হয়। প্রথমবারের মতো আমরা দেখলাম গত ১৮ মাসে ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে ভয়াবহ রকমের মিসইনফরমেশন ছড়াচ্ছে। এটা ভয়াবহ ছিল।

তিনি আরো অভিযোগ করেন, গত ৫৪ বছরে বাংলাদেশের কোনো সরকার এ পরিস্থিতির মুখোমুখি হয়নি। তারা প্রতিদিন মিথ্যা তথ্য ছড়িয়েছে। এটা কী তারা নিজেরাই করছে, নাকি এর অলক্ষ্যে কেউ কলকাঠি নাড়ছে?

ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমের উচিত ছিল গণমানুষের কণ্ঠস্বর হওয়া। কিন্তু হতাশার বিষয়, সেটা হয়নি। গণমাধ্যম আজ সাংঘাতিক জনরোষের ভয়ে ভীত। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে।#

পার্সটুডে/জিএআর/২