‘যেকোনো ভুল হিসাব এড়িয়ে চলুন’: যুক্তরাষ্ট্র ও ‘ইসরায়েল’কে ইরানের কঠোর হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/event-i160968-যেকোনো_ভুল_হিসাব_এড়িয়ে_চলুন’_যুক্তরাষ্ট্র_ও_ইসরায়েল’কে_ইরানের_কঠোর_হুঁশিয়ারি
পার্সটুডে: ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি শত্রুপক্ষকে যেকোনো ভুল হিসাব থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তা দিয়েছেন।
(last modified 2026-07-02T12:08:54+00:00 )
জুলাই ০২, ২০২৬ ১৭:৫০ Asia/Dhaka
  • ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি
    ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি

পার্সটুডে: ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি শত্রুপক্ষকে যেকোনো ভুল হিসাব থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, “আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের আঞ্চলিক ও অঞ্চল-বহির্ভূত সহযোগীদের সতর্ক করে দিচ্ছি—যেন তারা কোনো ধরনের ভুল হিসাব না করে এবং আমাদের প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীতে কর্মরত ইরানি জাতির সন্তানদের কঠোর ও অনুতাপ-সৃষ্টিকারী প্রতিক্রিয়ার কথা বিবেচনায় রাখে।”

বৃহস্পতিবার ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর আসন্ন জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের প্রাক্কালে প্রকাশিত এক বার্তায় জেনারেল আবদুল্লাহি এসব কথা বলেন।

তিনি আরও বলেছেন, “আমি দেশের সশস্ত্র বাহিনীর সকল কমান্ডার ও যোদ্ধাদের পক্ষ থেকে (ইমাম খোমেনি), বিপ্লবের শহীদ ইমাম এবং মাতৃভূমি রক্ষায় শহীদ হওয়া মূল্যবান বীরদের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। একই সঙ্গে ইসলামি ইরানের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করছি এবং (ইসলামি বিপ্লবের নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক) আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ীর নির্দেশনার প্রতি আমাদের পূর্ণ আনুগত্যের ওপর জোর দিচ্ছি।”

জেনারেল আবদুল্লাহি ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন আবেগঘন, বীরোচিত এবং অতুলনীয় উপস্থিতির মাধ্যমে জানাজা ও বিদায় অনুষ্ঠানে অংশ নিয়ে পবিত্র ইরানি ঐক্য ও সংহতির এক স্থায়ী দৃষ্টান্ত স্থাপন করেন।

তিনি আরও বলেন, শহীদ নেতার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানো হবে তাঁর আলোকিত পথ অনুসরণ করার মাধ্যমে। সেই পথের মূল অগ্রাধিকার হলো—ইসলামি বিপ্লবের অর্জনসমূহ রক্ষা, দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার, জাতীয় ঐক্য ও জাতীয় স্বার্থ সংরক্ষণ, বৈজ্ঞানিক অগ্রগতি গতিশীল করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি নতুন ইসলামি সভ্যতা নির্মাণের পথে এগিয়ে যাওয়া। #
 

পার্স টুডে/এমএএইচ/০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।