'যুদ্ধ ছড়িয়ে দেয়ার ইরানি কৌশল মোকাবেলায় ব্যর্থ ও অচলাবস্থায় ওয়াশিংটন'
https://parstoday.ir/bn/news/event-i161540-'যুদ্ধ_ছড়িয়ে_দেয়ার_ইরানি_কৌশল_মোকাবেলায়_ব্যর্থ_ও_অচলাবস্থায়_ওয়াশিংটন'
পার্সটুডে: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-মহাসচিব আলী বাকেরি কানি হরমুজ প্রণালিকে ইরানের জনগণের ভাগ্য নির্ধারণকারী একটি গুরুত্বপূর্ণ চালিকা-শক্তি বা উপাদান হিসেবে উল্লেখ করে বলেছেন, যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হওয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী কখনোই তাদের সেই লক্ষ্য বাস্তবায়ন হতে দেবে না।
(last modified 2026-07-21T10:59:07+00:00 )
জুলাই ২১, ২০২৬ ১৬:৩৫ Asia/Dhaka
  •  ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-মহাসচিব আলী বাকেরি কানি
     ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-মহাসচিব আলী বাকেরি কানি

পার্সটুডে: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-মহাসচিব আলী বাকেরি কানি হরমুজ প্রণালিকে ইরানের জনগণের ভাগ্য নির্ধারণকারী একটি গুরুত্বপূর্ণ চালিকা-শক্তি বা উপাদান হিসেবে উল্লেখ করে বলেছেন, যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হওয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী কখনোই তাদের সেই লক্ষ্য বাস্তবায়ন হতে দেবে না।

পার্সটুডে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, ইরানের টেলিভিশনের একটি বিশেষ আলোচনায় আলি বাকেরি কানি বলেছেন, হরমুজ প্রণালি শুধু একটি আন্তর্জাতিক জলপথ নয়; এটি এমন একটি অঞ্চল যা তেল, গ্যাস, খাদ্য, ট্রানজিট রুট এবং সামরিক ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ বহু ভূরাজনৈতিক উপাদানের সঙ্গে সম্পর্কিত। তাই এটি ইরানের জনগণের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, যুদ্ধে ইরানের কাছে পরাজিত হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন এই প্রণালির নিয়ন্ত্রণ হাতে নেয়ার চেষ্টার মাধ্যমে ইরানের শক্তির অন্যতম প্রধান হাতিয়ার কেড়ে নিতে চায়। তবে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিচক্ষণতা ও দৃঢ়তার সঙ্গে এর মোকাবিলা করছে।

তিনি পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) সম্পর্কিত প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে উল্লেখ করে বলেন, যুদ্ধে ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটন সামরিক চাপ ও হুমকির মাধ্যমে ইরানকে নতুন করে আলোচনায় বসাতে চেয়েছিল। কিন্তু ইরান নিজস্ব সক্ষমতার ওপর ভর করে সেই কৌশল ব্যর্থ করে দিয়েছে। তার ভাষায়, হরমুজ প্রণালি ইরানের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন, তাই এ বিষয়ে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-মহাসচিব আরও বলেছেন, আঞ্চলিক পরিস্থিতিতে এখন ইরানই কৌশলগত উদ্যোগগুলো নিয়ন্ত্রণ করছে বা নেতৃত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্র মনে করেছিল সংঘাতকে একটি সীমিত পরিসরে আটকে রাখতে পারবে, কিন্তু ইরান দক্ষতার সঙ্গে সেই সংকটকে বিভিন্ন ভূরাজনৈতিক ক্ষেত্রে বিস্তৃত করে যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দিয়েছে।

বাকেরি কানি জোর দিয়ে বলেছেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরান তার সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে। তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের জাতীয় শক্তির একটি অবিচ্ছেদ্য উপাদান, যা কখনোই হাতছাড়া হবে না। ইরানের সশস্ত্র বাহিনী তাদের সাহসিকতার মাধ্যমে দেশের প্রকৃত শক্তি প্রদর্শন করেছে এবং নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি বলে দাবি করা যুক্তরাষ্ট্র ইরানের সামনে অচলাবস্থায় পড়েছে

তিনি বক্তব্যের শেষে বলেন, যুক্তরাষ্ট্র ক্ষমতার বড়াই করলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছে এবং হরমুজ প্রণালির ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টাতেও ব্যর্থ হবে। ইরান প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে শত্রুকে তার লক্ষ্য অর্জন করতে দেবে না এবং হরমুজ প্রণালি ভবিষ্যতেও একটি কৌশলগত হাতিয়ার হিসেবে অঞ্চলটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। #
 

পার্সটুডে/এমএএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।