ভারতের রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, উইং কমান্ডার নিহত
https://parstoday.ir/bn/news/india-i101668-ভারতের_রাজস্থানে_মিগ_২১_যুদ্ধবিমান_বিধ্বস্ত_উইং_কমান্ডার_নিহত
ভারতের রাজস্থানের জয়সলমীরের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল (শুক্রবার) দিবাগত রাতে ওই দুর্ঘটনায় পাইলট উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২১ ০৯:০৬ Asia/Dhaka
  • ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত
    ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতের রাজস্থানের জয়সলমীরের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল (শুক্রবার) দিবাগত রাতে ওই দুর্ঘটনায় পাইলট উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন।  

রাত ১০ টা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিমান বাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে। পরে রাত পৌনে ১১টা নাগাদ উইং কমান্ডার হর্ষিত সিনহার মৃত্যুর বিষয়টি উল্লেখ করে সমবেদনা প্রকাশের পাশপাশি তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়।      

হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ জানিয়েছে, রাজস্থানে এ নিয়ে গত ৮ বছরে ৭ টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হল। 

গণমাধ্যমে প্রকাশ, ওই যুদ্ধ বিমানটি যে এলাকায় ভেঙে পড়ে সেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন। মিগ-২১ যুদ্ধবিমানটি রাত সাড়ে আটটার দিকে বিধ্বস্ত হয়। উইং কমান্ডার হর্ষিত সিনহা নিয়মিত ফ্লাইটের জন্য জয়সলমীর এয়ার ফোর্স স্টেশন থেকে যাত্রা শুরু করেন। দুর্ঘটনাস্থল জয়সলমীর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার ব্রিগেড। 

বিধ্বস্ত মিগ-২১ বিমান

আশেপাশের গ্রামবাসীদের মতে, বিমানটিতে আকাশেই আগুন ধরেছিল, তারপরে এটি বিস্ফোরিত হয়ে মাটিতে ভেঙে পড়ে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তার কাছেই নিম্বা গ্রাম। এখানে গোলাম রসুল নামে একজন বাসিন্দা জানান, উড়ন্ত বিমানে আগুন লাগার পরপরই বিস্ফোরণে এটি নীচেয় ভেঙে পড়ে।  

পরে সেনাবাহিনী গোটা এলাকা নিজেদের দখলে নেয়। এরপর কালেক্টর আশিস মোদি, এসপি অজয় সিং, ফায়ার ব্রিগেডের টিম এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গণমাধ্যমে প্রকাশ, ঘটনাস্থলে পাওয়া লাশের পোশাকে থাকা নেমপ্লেটও পুড়ে গেছে। মনে করা হচ্ছে, উইং কমান্ডার হর্ষিত সিনহা আগুনের কারণে বেরোতে পারেননি।        

এরআগে চলতি বছরের আগস্টে রাজস্থানের বাড়মেরে একটি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়। এটি ফাইটার জেট ট্রেনিং ফ্লাইট ছিল। উড্ডয়নের পর তাতে কারিগরি ত্রুটি দেখা দেয় এবং বিমানটি একটি ঝুপড়িতে ভেঙে পড়ে। এটি বিধ্বস্ত হওয়ার আগেই অবশ্য পাইলট নিজেকে বের করে নিতে সমর্থ হয়েছিলেন।#


পার্সটুডে/এমএএইচ/এআর/২৫