নওশাদকে ভোট দিয়ে ভাঙড়ের জনগণ ঐতিহাসিক ভুল করেছে: শওকত মোল্লা
https://parstoday.ir/bn/news/india-i120620-নওশাদকে_ভোট_দিয়ে_ভাঙড়ের_জনগণ_ঐতিহাসিক_ভুল_করেছে_শওকত_মোল্লা
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ভাঙড়ের ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকির সমালোচনা করে বলেছেন, নওশাদকে ভোট দেওয়া ভাঙড়ের জনগণের ঐতিহাসিক ভুল!
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
মার্চ ১২, ২০২৩ ১৩:৫২ Asia/Dhaka
  • শওকত মোল্লা
    শওকত মোল্লা

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ভাঙড়ের ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকির সমালোচনা করে বলেছেন, নওশাদকে ভোট দেওয়া ভাঙড়ের জনগণের ঐতিহাসিক ভুল!

আজ (রোববার) ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লা ওই মন্তব্য করেন। সম্প্রতি বিধায়ক শওকত মোল্লাকে ভাঙড় বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্ব  দিয়েছে তৃণমূল কংগ্রেস।  

তিনি আজ ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকির সমালোচনা করে বলেন, ‘২০২১ সালে ধর্মীয় ভাবাবেগ তৈরি করে, উন্নয়নের ফুলঝুরি ভাঁওতা দিয়ে ভাঙড়ের মানুষকে উনি বোকা বানিয়েছিলেন। কিন্তু ভাঙড়ের মানুষ বিধানসভা নির্বাচনের পর এ পর্যন্ত কোনও উন্নয়ন পায়নি। বিধায়কের যে নিজেস্ব তহবিল সেই টাকা এখনও খরচ করতে পারেননি। ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে যে, নওশাদকে ভোট দেওয়া তাদের ঐতিহাসিক ভুল! আমাদের আত্মবিশাস, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে ভাঙড়ের মানুষের কাছে পৌঁছব। আগামীদিনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস অনেক ভালো ফল করবে, সেটা নওশাদ বাবুরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন।’    

নওশাদ সিদ্দিকি

এ প্রসঙ্গে ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘কে অব্যাহিত নিল, কে দায়িত্ব পেল তা নিয়ে ভেঙে পড়ি না আমরা।

মানুষের জন্য রাজনীতি করতে এসেছি, মানুষকে আহ্বান করব, মানুষ যদি আহবানে সাড়া দেয় আমরা আগামীদিনে দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত উপহার দেবো। নতুন কেউ দায়িত্ব পেয়ে ভাঙড়ের সুনামকে যদি দুর্নামে পরিণত করে, হানাহানি করে, তাহলে আমরা ভাঙড়ের মানুষকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ গড়ে তুলব’ বলেও মন্তব্য করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।  

ভাঙড়ে এর আগে তৃণমূলের দায়িত্বে ছিলেন সাবেক বিধায়ক আরাবুল ইসলাম। বর্তমানে সেখানে তৃণমূল ও আইএসএফের মধ্যে সংঘাতের পরিবেশ রয়েছে।  একপর্যায়ে আইএসএফের দাপট বাড়তে থাকায় এবার সেখানে আরাবুল ইসলামের পরিবর্তে বিধায়ক শওকত মোল্লাকে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। ভাঙড়ে হারানো জমি পুনরুদ্ধার করতেই তৃণমূলের পক্ষ থেকে এই নয়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।   #

পার্সটুডে/এএএইচ/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।